২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে তামাশা করছে সরকার'

আপিল বিভাগের রায়ের অপব্যাখ্যা করে সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে সরকার 'তামাশা করছে' বলে দাবি করেছেন মওদুদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায়ের অপব্যাখ্যা করে সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে সরকার 'তামাশা করছে' বলে দাবি করেছেন মওদুদ আহমেদ। তিনি বলেছেন, "পঞ্চম সংশোধনীর রায়ে সুপ্রিম কোর্ট বলেছে- '৭২ সালের সংবিধানের আটটি অনুচ্ছেদ পুনর্বহাল এবং সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা সংযোজন করতে। "কিন্তু ওই আদেশের অপব্যাখ্যা করে সরকার তথা আইন মন্ত্রণালয় সংবিধানের অনেক অনুচ্ছেদে নতুন করে সংশোধনী এনেছে। এটা বেআইনি, এভাবে সংবিধান পুনর্মুদ্রণ নিয়ে সরকার তামাশা করছে।" এর মাধ্যমে আদালতের অবমাননা করা হয়েছে মন্তব্য করে সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেন মওদুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গতবছর আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করার পর সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়। এ জন্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারম্যান করে গত বছর ২১ জুলাই ১৫ সদস্যের সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, "আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করেছে। তারা গণতন্ত্র বিশ্বাস করে না। "এ জন্য তারা মূল সংবিধানে সংশোধনী এনে বিশেষ আটকাদেশ ও জরুরি অবস্থা জারির মতো কালা-কানুন সংযোগ করেছে।" সাংবাদিক সাহাদত হোসেন খানের '২৬৭ দিনের মুক্তিযুদ্ধ' গ্রন্থের এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন- কবি আল মুজাহিদী, সাংবাদিক সৈয়দ তোসারফ আলী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহিদ, লেখক শাহাদত হোসেন খান প্রমুখ। ১৯৭৭ সালে জেনারেল জিয়াউর রহমান এক সামরিক আদেশে ১৯৭২ সালের সংবিধানের প্রস্তাবনায় বেশ কিছু পরিবর্তন আনেন। ১৯৭৯ সালের এপ্রিলে বিএনপি নেতৃত্বাধীন দ্বিতীয় সংসদের মাধ্যমে ওই প্রস্তাবনাটি সংবিধানের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়, যা পঞ্চম সংশোধনী হিসাবে পরিচিত। ২০০৫ সালে বিএনপি সরকারের সময়ে হাইকোর্ট এক রায়ে সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে। তবে সরকারের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করে। পরে ২০১০ সালের ২৭ জুলাই হাইকোর্টের রায় বহাল রেখে জিয়াউর রহমানের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে রায় দেয় আপিল বিভাগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/পিডি/২১০৬ ঘ.