ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অবশ্যই ভালো বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
বুধবার জাতীয় সংসদে নোয়াখালী-৬ আসনের সাংসদ ফজলুল আজিমের সম্পুরক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য বারবার বলে এসেছেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকারের সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো বিরাজ করছে।
বুধবার রাজধানীর শ্যামপুর থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ (৫৫) ও তার গাড়ির চালক হারুনুর রশিদ (৪৫) আততায়ীর গুলিতে নিহত হন। বিকাল ৩টার দিকে কদমতলী থানার কমিশনার রোডে এ ঘটনা ঘটে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে উল্লেখ করে ঢাকায় ছিনতাই, অপহরণ, খুন ও চাঁদাবাজি বেড়েছে বলে কিছু তথ্য তুলে ধরেন ফজলুল। ঢাকায় এক সাংসদের মেয়ে অপহরণের তথ্য তুলে ধরে ফজলুল আজিম স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান- ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হবে কি না?
এর জবাবে সাহারা খাতুন বলেন, "আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অবশ্যই ভালো। তবে বিভিন্ন সময় কিছু ঘটনা ঘটে যাচ্ছে। আইন-শৃঙ্খলা বাহিনী কোনো কোনো সময় তা উদ্ধার করছে, কোনোটা হয়ত দ্রুত সম্ভব হয় না। কিন্তু সব কিছুই আইন-শৃঙ্খলাবাহিনী আয়ত্তে নিয়ে এসেছে।"
বিদ্যমান পরিস্থিতির আরো উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আগামীতে এ পরিস্থিতি আরো ভালো হবে বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫৪ ঘ.
bdnews24