২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে সিপিবি'র বিক্ষোভ, পদযাত্রা

যুদ্ধাপরাধীর বিচার, বালু সন্ত্রাস বন্ধসহ ১১দফা দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীর বিচার, বালু সন্ত্রাস বন্ধসহ ১১দফা দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা করেছে। শুক্রবার সকাল ১১টায় সোনারগাঁও উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রথমে সমাবেশ হয়। পরে উপজেলা সদর থেকে সনমান্দি হয়ে বারদী পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি জিয়া হায়দার ডিপটি, সোনারগাঁও থানা সম্পাদক শংকর, জেলা যুব ইউনিয়ন সম্পাাদক আব্দুস সালাম বাবুল, নারী নেত্রী শোভা সাহা, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রনবীর দাস প্রমুখ। উপজেলার গণ্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ সমাবেশ ও পদযাত্রায় অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি অতীত সরকারের মতোই অব্যাহত আছে। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ দিশেহারা। শ্রমিক ছাঁটাই ও আবাসন শিল্পের নামে কৃষি জমি জবর দখল করে এক শ্রেণীর প্রতারক, লুটেরা ও ভূমি দালালরা কোটি কোটি টাকার মালিক হচ্ছে। জমি হারিয়ে সর্বস্বান্ত হচ্ছে কৃষকরা। আবাসন প্রকল্পের নামে উপজেলার পিরোজপুরে চর ভবনাথপুর, কান্দারগাঁ, রতনপুর, ভাটিবন্দর গ্রামের তিন ফসলি প্রায় দেড়শত বিঘা জমি বালু দিয়ে ভরাট করা হচ্ছে। তারা অবিলম্বে সব কৃষিজমি ভরাট স্থায়ীভাবে বন্ধের দাবি জানান। তাদের ১১ দফা দাবিগুলো হলো- চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, কৃষক ও কৃষি জমি রক্ষা করা, ভূমি দস্যু-আবাসন শিল্প ব্যবসায়ী দালালদের প্রতিহত করা, গরীব ও নিম্নবিত্ত মানুষকে রেশন কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ, ভূমি ও রেজিস্ট্রি অফিসের ঘুষ দুর্নীতি বন্ধ করা, সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২০০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর, চৈতি গার্মেন্টেস-এর বিষাক্ত পানি থেকে মেনীখালি নদীর পানি রক্ষা করা ও পরিবেশ বাচাঁনো, নুনেরটেকের মায়াদ্বীপবাসীকে (গুচ্ছগ্রাম-সবুজবাগ-রঘুনারচর) মেঘনা নদীর বালু উত্তোলনকারী বালু দস্যুদের হাত থেকে রক্ষা করা, খাস জমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বিতরণ করা, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করা, বিদ্যুতের লোড শেডিং বন্ধ এবং বিদ্যুতের দাম বাড়ানো বন্ধ করা ও পল্লী বিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.