২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এভাবে দেশ চলতে পারে না: এরশাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

টাঙ্গাইল, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, "জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দিন দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।" মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের ভাসানী হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনে সাবেক সামরিক শাসক এরশাদ এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে ভবিষ্যতে মহাজোট সফল নাও হতে পারে। এরশাদ বলেন, "হরতাল গণতান্ত্রিক অধিকার- এ কথা সংবিধানের কোথাও লেখা নেই। হরতাল না করার অধিকারও আমাদের আছে। পৃথিবীর সভ্য দেশে হরতাল হয় না। একমাত্র বাংলাদেশেই হরতাল হয়।" বিরোধীদলকে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, মানুষের দুঃখ, আপনাদের দুঃখের কথা সংসদে এসে বলেন। সংসদে যাবেন না হরতাল করবেন এই সংস্কৃতি বন্ধ করা উচিত। হরতালের বিকল্প কিছু বের করুন। জেলা জাতীয় পার্টির সভাপতি বুলবুল খান মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তৃতা করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য আবুল কাশেম, কাজী মাহমুদুল হাসান প্রমুখ। সম্মেলনে বুলবুল খান মাহবুবকে সভাপতি ও আবদুস ছালাম চাকলাদারকে সাধারণ সম্পাদক করে নতুন জেলা কমিটি ঘোষণা করেন দলের চেয়ারম্যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.