রাজশাহী, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ উঠায় নির্বাচনের এক দিন আগে মঙ্গলবার রাজশাহী শিল্প ও বাণিক সমিতিতে প্রশাসক নিয়োগ করা হয়েছে। স্থগিত করা হয়েছে নির্বাচন।
রাজশাহী জেলা প্রশাসক দিলওয়ার বখ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে আসা এক নির্দেশে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মো. আব্দুস সামাদকে প্রশাসক নিয়োগ করা হয়।
আদেশে বুধবারের নির্বাচন স্থগিত করে আগামি ৫ মাসের মধ্যে একটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশের পর দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসন ও ব্যবসায়ীদের একাংশের উপস্থিতিতে সমিতির কার্যালয়ে দেওয়ান মো. আব্দুস সামাদ আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর তিনি বুধবার অনুষ্ঠেয় সমিতির নির্বাচন স্থগিত করেন।
তিনি সমিতির সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে লেনদেন বন্ধের নির্দেশ দেন এবং বৈধ সদস্যদের তালিকা তলব করেন।
দেওয়ান মো. আব্দুস সামাদ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে তিনি সমিতির দায়িত্বভার গ্রহণ করেছেন। যোগদানের প্রথম ৩০ দিনের মধ্যে ভোটার তালিকা প্রণয়ন এবং বাকী দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করা হবে।
এসময় বণিক সমিতির কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
ব্যবসায়ীদের একাংশ নতুন প্রশাসককে ফুল দিয়ে অভ্যর্থণা জানান। তবে বর্তমানে দায়িত্বে থাকা সমিতির কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
বুধবার সমিতির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিলো। কিন্তু ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ব্যবসায়ীদের একটি অংশ কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলো। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত রিপোর্ট পাঠানোর পর বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন স্থগিত ও প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়।
এ ব্যাপারে রাজশাহী বণিক সমিতির সভাপতি আবু বাক্কার আলী সাংবাদিকদের বলেন, "জোর করে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি আইনের আশ্রয় নেবেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭১৭ ঘ.
bdnews24