২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিয়াজোঁ কমিটি করবে চার দল

সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে শিগগির লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারদলীয় জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে শিগগির লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারদলীয় জোট। বৃহস্পতিবার রাতে জোট নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে চারদলীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী শনিবারের মধ্যে প্রতি দল থেকে তিন জন করে সদস্যের নামের তালিকা দিতে তাগিদ দেওয়া হয় বৈঠকে। কেন্দ্রীয়ভাবে বিএনপি মহাসচিবের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি হবে। একইভাবে জেলা পর্যায়েও পরবর্তী সময়ে লিয়াজোঁ কমিটি করার সিদ্ধান্ত হবে। বৈঠকের পর খেলাফত মজলিশের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক সাংবাদিকদের বলেন, “আন্দোলন জোরদার করতে নানা সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুততম সময়ে কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটি গঠন ও ঢাকা বিভক্তির প্রতিবাদের চার দলের কর্মসূচি গ্রহণ।” তিনি জানান, রোড মার্চ ছাড়াও বড় বড় জেলাগুলোতে খালেদা জিয়ার সম্ভাব্য জনসভা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। হামিদুর রহমান আযাদ বলেন, চট্ট্রগ্রাম রোড মার্চ সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এই রোড মার্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা সিটি কর্পোরেশন বিভক্তি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ ব্যাপারে চার দল একটি কর্মসূচি দেবে। বিএনপির ৫ দিনের কর্মসূচির পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।” চার দলের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৃহস্পতিবারের বৈঠকটি ছিল গত তিন মাসে দ্বিতীয়। রাত সোয়া ৯টায় শুরু হওয়া বৈঠকটি শেষ হয় সোয়া ১০টায়। সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর চার দলের বৈঠক হয়। ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার প্রতিবাদে ইতিমধ্যে গত ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল করেছে বিএনপি। সংবিধান সংশোধনের মাধ্যমে চলতি বছরের মাঝামাঝি বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে ইতিমধ্যে সিলেট, রাজশাহী ও খুলনা অভিমুখে রোড মার্চ করেছে বিএনপি। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিশের আমীর মাওলানা মুহাম্মদ ইসহাক, মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) মহাসচিব শামীম আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩০৪ ঘ.