২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের সঙ্গ ছাড়ায় এ হামলা: অলি

এলডিপি সভাপতি দাবি করেছেন, পুলিশের মদদে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়েছে যুবলীগকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 04:57 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আদালতে হামলার কারণ রাজনৈতিক বলে দাবি করেছেন এলডিপি সভাপতি অলি আহমদ। হামলার পরপরই এক সংবাদ সম্মেলনে এ সংসদ সদস্য বলেছেন, আওয়ামী লীগের সঙ্গ ছেড়ে সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যোগ দেওয়ায়ই তার ওপর হামলা হয়েছে। অলি দাবি করেছেন, পুলিশের মদদে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে। নারী সংসদ সদস্যদের নিয়ে একটি মন্তব্যের জের ধরে মানহানির মামলায় সকালে চট্টগ্রামের আদালতে হাজির হয়ে সরকার সমর্থকদের তোপের মুখে পড়েন অলি আহমদ। আদালত প্রাঙ্গণে অলির গাড়ি লক্ষ্য করে জুতা ও ইট ছোড়া হয়। আদালত থেকে জামিন নেওয়ার পর নগরীর লালদীঘির পাড়ে নিজের বাসায় সংবাদ সম্মেলনে অলি বলেন, “কোতোয়ালি থানার ওসি আবুল কালাম আজাদের সহযোগিতায় যুবলীগের কর্মীরা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। বুধবার রাতে এর পরিকল্পনা হয়।” সরকার পতন আন্দোলনে বিএনপির সঙ্গে যোগ দেওয়াই এ হামলার কারণ দাবি করে এক সময়ের বিএনপি নেতা অলি বলেন, ১৯ নভেম্বর বিএনপির সঙ্গে সরকারবিরোধী আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়ায় পরদিনই মানহানির মামলাটি হয়। “তারা (সরকার) আমাকে দলে টানতে চেয়েছিল। অনেক মন্ত্রী-সংসদ সদস্য আমার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু রাজি করাতে পারেনি,” বলেন তিনি। প্রতিষ্ঠাকাল থেকে বিএনপির সঙ্গে থাকা অলি বিগত জোট চারদলীয় জোট সরকারের সময়ে আলাদা দল গঠন করেন। গত নির্বাচনের আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে থাকলেও বর্তমানে দলটি বিএনপির সঙ্গে সংস্রব রক্ষা করে চলছে। অলি বলেন, “আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে। এ সরকার ভালো হলে অবশ্যই তাদের সঙ্গে থাকতাম। কিন্তু তাদের কিছুই আর ভালো না বলেই বিএনপি ও চারদলীয় জোটের সঙ্গে গেছি।” মুক্তিযোদ্ধা হয়ে কেন জামায়াতে ইসলামের সঙ্গে জোট বাঁধছেন- প্রশ্ন করা হলে বীরবিক্রম খেতাবপ্রাপ্ত অলি পাল্টা প্রশ্ন রেছাড়েন, “আওয়ামী লীগ যদি জামায়াতের সঙ্গে আন্দোলনে যেতে পারে, আমার যেতে দোষ কোথায়?” আদালতে হামলায় এলডিপির কর্মী ও আইনজীবীসহ ৩০ জন আহত হয়েছে দাবি করে অবসরপ্রাপ্ত কর্নেল অলি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। অলির বিরুদ্ধে মামলায় প্রধানমন্ত্রী ও নারী সংসদ সদস্যদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। চন্দনাইশে এলডিপির একটি সমাবেশে তার বক্তব্যই এর ভিত্তি। নিজের বক্তব্যের বিষয়ে অলির ব্যাখ্যা- “এখন আমার বয়স ৭৩ বছর। কখনো কোনো ভদ্রমহিলার বিরুদ্ধে বক্তব্য দিইনি। স্থানীয় পত্রিকায় বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে।” প্রকাশিত সংবাদের প্রতিবাদ করলেন না কেন- জানতে চাইলে অলি বলেন, “প্রতিবাদ জানানোর আগেই তো আমার বিরুদ্ধে বিষেদগার শুরু হয়ে গেল।” সংবাদ সম্মেলনে অলির সঙ্গে ছিলেন এলডিপি নেতা এয়াকুব আলী, কফিল উদ্দিন চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫৫৫ ঘ.