ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ বাঁধের বিরূপ প্রভাব বাংলাদেশে পড়বে না- নয়া দিল্লির এ কথায় আশ্বস্ত বোধ করছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
বুধবার ঢাকায় একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সাংবাদিকদের এড়িয়ে গেলে সচিব এ বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
টিপাইমুখ প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ায় প্রেক্ষাপটে ঢাকার পক্ষ থেকে ব্যাখ্যা চেয়ে নয়াদিল্লিতে চিঠি পাঠানো হয়। মঙ্গলবার এর জবাবে দিল্লি বলেছে, টিপাইমুখে বাঁধ হলেও পানি প্রত্যাহার হবে না। ফলে বাংলাদেশ এতে ক্ষতিগ্রস্ত হবে না।
বিশ্ব বিপণন সম্মেলনে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মিট দ্য প্রেস’- এ পররাষ্ট্রমন্ত্রী ও সচিব দুজনই ছিলেন। অনুষ্ঠানে দীপু মনির কাছে সাংবাদিকরা টিপাইমুখ বিষয়ে জানতে চাইলে তিনি সব প্রশ্ন এড়িয়ে তড়িঘড়ি করে বেরিয়ে যান।
জলবায়ু বিষয়ক অন্য একটি অনুষ্ঠান রয়েছে- এ কথা জানিয়ে যাওয়ার সময় দীপু মনি বলে যান, বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলবেন তিনি।
এরপর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, “ভারতের সর্বোচ্চ মহল থেকে নিশ্চয়তা পাওয়া গেছে। আমরা তাই প্রত্যয়ী।”
মিজারুল বলেন, টিপাইমুখ বিষয়ে নয়া দিল্লির সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলছে ঢাকা।
টিপাইমুখ নিয়ে এ সমস্যার সমাধান দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই সম্ভবপর বলে মনে করেন তিনি। আর সেভাবেই কাজ চলছে বলে জানান তিনি।
বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা উঠে; বাংলাদেশে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা। এরপর ব্যাখ্যা চেয়ে ঢাকার পক্ষ থেকে চিঠি পাঠানো হয়।
টিপাইমুখ বাঁধ নির্মাণের তোড়জোড়ের শুরু থেকেই বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিলো। পরিবেশবাদীরা বলছেন, বরাক নদীর ওপর এ প্রকল্পের বিরূপ প্রভাব পড়বে সিলেট তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে।
বরাক নদীই বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় বিভক্ত হয়। এ দুটি আবার এক হয়ে মেঘনা নদী নামে চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৮৪২ ঘ.
bdnews24