ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর থেকে ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করবে দলটি। পরদিন করবে আলোচনা সভা। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে বিএনপি। ওই দুই দিন পুষ্পমাল্য দেবেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার দুপুরে দলের এক যৌথসভার পর কর্মসূচি ঘোষণা করেন বিজয় দিবস 'জাতীয় কমিটির' আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে মুুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে বিএনপি।
বিএনপি ১৭ ডিসেম্বর দুপুর ২টায় নয়াপল্টন কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজন করবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
এ ছাড়া বিএনপির সহযোগী সংগঠনগুলো আলাদা আলাদাভাবে আলোচনা সভার আয়োজন করবে।
বিজয় দিবসের দিন নয়া পল্টনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। বিকালে নয়া পল্টনে দলের কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) আয়োজন করবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
কেন্দ্রীয় কর্মসূচির বাইরে সব জেলা ও উপজেলা কমিটিকে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজয় দিবসের কর্মসূচি পালনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে প্রচারপত্র ও পোস্টার বিতরণ কমিটি, সহসভাপতি আবদুল্লাহ আল নোমানকে আহ্বায়ক করে আলোচকচিত্র প্রদর্শনী কমিটি, সহসভাপতি সেলিমা রহমানকে আহ্বায়ক করে প্রামাণ্যচিত্র প্রদর্শন কমিটি, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে আহ্বায়ক করে প্রচার উপ কমিটি এবং মহানগর সদস্য সচিব আবদুস সালামকে আহ্বায়ক করে বিজয় মেলা উদযাপন কমিটি করা হয়।
খন্দকার মোশাররফের সভাপতিত্বে যৌথসভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমদ, আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০২৫ ঘ.
bdnews24