যশোর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের অভয়নগর উপজেলায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
বুধবার রাতে নওপাড়া বাজারে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহত খোকন (২৮) উপজেলার গোখোলা গ্রামের আব্দুর রবের ছেলে। তিনি যুবলীগকর্মী ছিলেন।
আহতরা হলেন নওপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম (৩৫), যুবলীগকর্মী ইয়ার আলী (৪৫) ও মিঠু শেখ (৩৫)।
তাদের নওপাড়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভয়নগর থানার ওসি আহসান কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় যুবলীগ অফিসের সামনে একটি চা স্টলে বসেছিলেন রফিকুল ইসলাম ও মিঠু শেখসহ কয়েকজন যুবলীগকর্মী।
এ সময় প্রতিপক্ষ খোকন গ্রুপের সমর্থকরা তাদের উপর হামলা চালিয়ে স্থানীয় হোটেল প্যারাডাইসে চলে যায়।
পরে রফিকুল গ্রুপের সমর্থকরা হোটেল প্যারাডাইসে গিয়ে খোকনের উপর হামলা চালায়।
রাত সাড়ে ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24