২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে মামলা

পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় টেলিযোগযোগমন্ত্রীর ছোট ভাইকে প্রধান আসামি করে ১৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 05:23 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

নরসিংদী, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন হত্যার ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাইকে প্রধান আসামি করে ১৪ জনকে আসামি করে মামলা করেছেন নিহতের ভাই। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর থানায় এ মামলা করেন লোকমানের ছোট ভাই মো. কামরুজ্জামান। মামলার আসামিরা হলেন- টেলিযোগাযোগমন্ত্রীর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চু, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মাসুদুর রহমান মুরাদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মতিন সরকার, শহর আওয়ামী লীগের সভাপতি মমতাজউদ্দীন ভূঁইয়া, সদর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মিয়া মো. মঞ্জুর, নরসিংদী শহর যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন সরকার, মোবারক হোসেন, মনোয়ার হোসেন খান, হিরণ মিয়া, তারেক আহমেদ, কবীর সরকার, আজিজ মিয়া ও মামুন। থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। গত মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারী ব্যক্তিদের গুলিতে নিহত হন লোকমান। তিনি নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। টেলিযোগাযোগমন্ত্রী রাজুর ছোট ভাই বাচ্চুকে মামলার আসামি করা প্রসঙ্গে বাদী কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাচ্চু সার্কিট হাউজে বসে আমার ভাইকে হত্যার পরিকল্পনা করেছেন।" তিনি অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। নরসিংদী জেলা আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ইচ্ছার কথা বিভিন্ন জনকে জানিয়েছিলেন লোকমান। মন্ত্রীর ভাই সালাউদ্দিন বাচ্চুর নামও একই পদে আলোচনায় থাকায় এটাও দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে নিয়ামক হিসেবে কাজ করে বলে স্থানীয় নেতারা জানান। লোকমান হত্যাকাণ্ডে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর মদদ রয়েছে বলে ইতিমধ্যে অভিযোগ করেন নরসিংদী ছাত্রলীগ নেতারা। এদিকে হত্যাকাণ্ডের পরপর নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, বিএনপিকর্মী সজীব দাসসহ ছয় জনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে তোলা হয়। আওয়ামী লীগের এ নেতা হত্যাকাণ্ডের কারণ দলীয় কোন্দল বলে দাবি করে আসছে বিএনপি। বিএনপি বলছে, মূল ঘটনা আড়াল করতে খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে রাজুর সম্পৃক্ততা নিয়ে ছাত্রলীগ ও বিএনপির অভিযোগের প্রেক্ষিতে বিদেশে অবস্থানরত মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তার সবগুলো মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০২৫ ঘ.