ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কারাবন্দি চার জামায়াত নেতার বিরুদ্ধে আগামী ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে বিচারপতি নিজামুল হক এ আদেশ দেন।
জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। মঙ্গলবার এই প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়ার পর বিষয়টি ট্রাইব্যুনালকে জানানো হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ ও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারাবন্দি চার জামায়াত নেতাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা নাকচ করে দেয়।
তদন্ত প্রতিবেদন
চার জামায়াত নেতার মানবতাবিরোধী অপরাধের প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য এক মাস সময় চান।
তিনি বলেন, এই প্রতিবেদনে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তবে তাদের বিরুদ্ধে ঠিক কীভাবে কতোগুলো অভিযোগ আনা হবে তা নির্ধারণে সময় প্রয়োজন।
এ বিষয়ে শুনানির পর বিচারপতি নিজামুল হক আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ৫ ডিসেম্বর দিন ধার্য করেন।
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৪০ জন, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ৩৭ জন এবং কাদের মোল¬ার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য দিয়েছেন ২৫ জন।
জামিনের আবেদন নাকচ
চার জামায়াত নেতার জামিন চেয়ে তাদের আইনজীবী তাজুল ইসলাম বলেন, তারা গত বছরের ২ অগাস্ট থেকে এ মামলায় কারাবন্দি থাকলেও এখনো জানেন না, কোন অভিযোগে তাদের আটক রাখা হয়েছে।
জামিন পেলে এই জামায়াত নেতারা সব শর্ত মেনে চলবে জানিয়ে আইনজীবী বলেন, "তারা সম্মানিত ব্যক্তি। তাদের মধ্যে দুইজন সাবেক মন্ত্রীও আছেন। তারা পালিয়ে যাবেন এমন আশঙ্কার কোনো কারণ নেই।"
জামিনের জন্য তারা বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং পাসপোর্ট জমা দেওয়ার মতো নির্দেশনা মানতেও রাজি আছেন বলে উল্লেখ করেন তাজুল।
তিনি অভিযোগ করেন, এই জামায়াত নেতাদের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে রাজনৈতিকভাবে।
এর বিরোধিতা করে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হায়দার আলী বলেন, জামায়াত নেতারা রাজনীতির শিকার- এ কথা ঠিক নয়।
এই চার জনের বিরুদ্ধে খুন, ধর্ষণ, নির্যাতনের মতো অভিযোগ রয়েছে উল্লেখ করে তাদের জামিনেরও বিরোধিতা করেন তিনি।
শুনানি শেষে চার জামায়াত নেতার জামিনের আবেদন নাকচ করে দেন বিচারপতি নিজামুল হক।
গোলাম আযমের বিরুদ্ধে প্রতিবেদন
প্রসিকিউটর জিয়াদ আল মালুম আদালতকে জানান, একাত্তরে মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধেও একটি তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা পড়েছে।
প্রধান প্রসিকিউটর গোলাম আরেফ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রসিকিউশন বিভাগ এখনও এ প্রতিবেদন নিয়ে কাজ করছে। ফলে গোলাম আযমের বিরুদ্ধে কবে অভিযোগ উত্থাপন করা হবে তা এখনই বলা যাচ্ছে না।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান সোমবার দুপুরে বেইলি রোডের তদন্ত সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "৪০ বছর আগের ঘটনা হওয়ায় প্রতিবেদনে ব্যক্তি সাক্ষীর পাশাপাশি তৎকালীন সময়ের বিভিন্ন নথিপত্রকেও গুরুত্ব দেওয়া হয়েছে। গোলাম আযমের বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে সাক্ষী আছে ৪০ জন। আর নথিপত্র আছে ৪০০টিরও বেশি।"
গোলাম আযম দুভাবে দেশের ক্ষতি করেছেন মন্তব্য করে প্রধান সমন্বয়ক বলেন, "প্রথমত, মুক্তিযুদ্ধের সময় নিজে শান্তি কমিটির নের্তৃত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছেন।"
আরো কত জনের বিরুদ্ধে তদন্ত চলছে এ প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা সানাউল হক বলেন, "মোট ১৬ জনের একটি তালিকা আছে। তার মধ্যে সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। তবে বিচার চলাকালীনও তদন্ত করা যাবে।"
গোলাম আযমের অপরাধ তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান বলেন, "তার বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ পেয়েছি। তিনি শান্তি কমিটির নেতা ও তৎকালীন জামায়াতের আমীর ছিলেন। তিনি নির্দেশ দাতা। তার নির্দেশেই তখন মানবতাবিরোধী অপরাধের মাত্রা বেড়ে যায়।"
নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ২ অগাস্ট তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়।
যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমানের সময়ের মন্ত্রী আব্দুল আলীমকেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধেল মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৩০ ঘ.
bdnews24