ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার আগামী ২০ নভেম্বর পর্যন্ত মুলতবি হয়েছে।
সদ্য মা হারানো সাঈদীর আইনজীবীদের আবেদনে বিচারপতি নিজামুল হক নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার শুনানি মুলতবির এ আদেশ দেয়।
তবে সাঈদীর দুটি আবেদনের শুনানি আগামী ১৩ ও ১৬ নভেম্বর ট্রাইব্যুনালে হবে। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল প্রধানকে প্রত্যাহার এবং ১৬ নভেম্বর অভিযোগ গঠন পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি হবে।
যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াত নেতা সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। প্রসিকিউশন বিভাগ সাঈদীর বিরুদ্ধে ৩১টি অপরাধের অভিযোগ আনলেও তার মধ্যে ২০টি অভিযোগ গ্রহণ করে তার ভিত্তিতে অভিযোগ গঠন হয়।
একাত্তরে ৩ হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন 'দেইল্লা রাজাকার' নামে চিনতো।
রোববার জনাকীর্ণ কক্ষে সাঈদীর আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত কক্ষের বেঞ্চগুলো পূর্ণ থাকায় পর্যবেক্ষক ও সাংবাদিকরা পিছনের সারিতে দাঁড়িয়ে থাকেন। এ ট্রাইব্যুনালের অধীনে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত প্রথম কোনো ব্যক্তির বিচার শুরু দেখতে ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবির, সেক্টর কমান্ডারস ফোরামের নেতা ও সাবেক সেনাপ্রধান হারুণ-উর-রশিদ এদিন আদালতে উপস্থিত ছিলেন।
প্রসিকিউশন বিচার কার্যক্রম শুরু করতে ট্রাইব্যুনাল প্রধান বিচারপতি নিজামূল হকের প্রতি অনুরোধ জানালে আসামির আইনজীবী বলেন, তাদের আবেদনের (পিটিশনের) নিষ্পত্তি হওয়ার আগে বিচার শুরু হতে পারে না। ট্রাইব্যুনাল প্রধানকে প্রত্যাহারে সাঈদীর পক্ষ থেকে করা আবেদনের বিষয়টিও তুলে ধরেন তিনি।
১৯৯৪ সালের গণআদালতে যুদ্ধাপরাধের দায়ে তৎকালীন জামায়াতে-ইসলামীর প্রধান গোলাম আযমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই গণআদালতের বিচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার কথা তুলে ধরে ট্রাইব্যুনাল প্রধানের বৈধতা নিয়ে গত ২৭ অক্টোবর সাঈদীর পক্ষ থেকে আবেদন করা হয়।
সাঈদীর আইনজীবী এম তাজুল ইসলাম বলেন, তাদের আবেদনের শুনানির আগে বিচার শুরু হলে তা প্রশ্নবিদ্ধ হবে। এছাড়া সাঈদীর পক্ষে মামলার প্রস্তুতির জন্য আরো সময় প্রয়োজন বলেও জানান তিনি।
বিবাদি পক্ষের ডিফেন্সের জন্য তিন সপ্তাহ সময় দেওয়ার বিধান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ডিফেন্সের জন্য কম করে হলেও এ সময় দেওয়া উচিত।"
পরে তাজুল সাংবাদিকদের বলেন, প্রসিকিউশনের কাজ শেষ করতে মাসের পর মাস সময় দেওয়া হলেও অভিযুক্তদের ক্ষেত্রে তাড়াহুড়ো করছে ট্রাইব্যুনাল।
তিনি আরো বলেন, বিচার শুরুর আগে আসামি পক্ষের সাক্ষীদের তালিকা ও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্যও সময় প্রয়োজন।
বিচারপতি হক তাকে বলেন, প্রসিকিউশন বিচার শুরু করতে প্রস্তুত থাকায় তিনি তাদের 'উদ্বোধনী বক্তব্য- ওপেনিং স্টেটমেন্ট' শুনতে চান এবং তিনি পরবর্তী কোনো তারিখে সাক্ষীদের তালিকা জমা দিতে পারবেন।
এতে আইনের লঙ্ঘন হবে দাবি করে তার বিরোধিতা করেন তাজুল ইসলাম।
বিচারপতি হক বলেন, "বিচার শুরুর জন্য প্রসিকিউশন প্রস্তুত। একটি নির্দিষ্ট পিটিশনের জন্য বিচার মুলতবির প্রত্যাশা আপনি কীভাবে করেন?"
তাজুল ইসলাম এ বক্তব্যের বিরোধিতা করে বলেন, এ পরিস্থিতিতে বিচার শুরুর জন্য একেবারেই প্রস্তুত নয় বিবাদি পক্ষ।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
বিচার মুলতবির মাধ্যমে সময় নষ্ট হবে- বিচারপতি হকের এমন বক্তব্যের প্রতিবাদে তাজুল বলেন, "ট্রাইব্যুনালের মূল লক্ষ্য ন্যায়বিচার নিশ্চিত করা। সময় বাঁচানো ট্রাইব্যুনালের লক্ষ্য হতে পারে না।"
সাঈদীর আইনজীবীর সঙ্গে দীর্ঘ শুনানির পর আগামী ২০ নভেম্বর পর্যন্ত আদালত মুলতবির আদেশ হয়। ওই দিন আসামিপক্ষের সাক্ষীদের তালিকাও জমা দিতে বলা হয়।
সাঈদী ছাড়াও জামায়াতের দুই শীর্ষ নেতাসহ চার জন যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন-দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল¬¬া।
এছাড়া দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে এ মামলায়। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএইচ/এমআই/১৮৩০ ঘ.
bdnews24