২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের নামে প্রহসন হচ্ছে: বিএনপি

নারায়ণগঞ্জে নির্বাচন বর্জনের পর প্রধান বিরোধী দল বিএনপির নেতারা বলেছেন, সেখানে ভোটের নামে প্রহসন চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2011, 08:07 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে নির্বাচন বর্জনের পর প্রধান বিরোধী দল বিএনপির নেতারা বলেছেন, সেখানে ভোটের নামে প্রহসন চলছে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, "নারায়ণগঞ্জের নির্বাচনে ভোটগ্রহণের নামে প্রহসন চলছে। সরকারের ছকে বাঁধা এটি একটি নীলনকশার নির্বাচন হচ্ছে।" রাজধানীর পাশের নতুন সিটি কর্পোরেশন নারায়ণগঞ্জে ভোটগ্রহণ চলাকালেই তিনি এ কথা বললেন। ওই নির্বাচনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তে শনিবার মধ্যরাতে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। প্রেসক্লাবের সামনে অন্য একটি মানববন্ধনে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, "এক জন গডফাদারকে বিজয়ী করতে সরকার নির্বাচনকে বিতর্কিত করেছে। সরকারের আজ্ঞাবহ বর্তমান নির্বাচন কমিশন দিয়ে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।" নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল এবং নির্বাচন কমিশনের পদত্যাগ দাবিতে 'গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট'র উদ্যোগে মানববন্ধনে অংশ নেন মাহবুব। সাবেক সেনাপ্রধান মাহবুব বলেন, "নারায়ণগঞ্জে সরকারের নগ্ন হস্তক্ষেপ প্রমাণ করেছে, তাদের অধীনে স্থ'ানীয় সরকার নির্বাচনই সুষ্ঠু হচ্ছে না। ফলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু হবে না। তারা (সরকার) নির্বাচন কমিশনকে সেনাবাহিনী দিয়ে সহযোগিতা না করে কার্যত সংবিধান লঙ্ঘন করেছে।" নির্বাচন কমিশনের কথা অগ্রাহ্য করায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার প্রতি পদত্যাগের আহ্বান রেখে মাহবুব মাহবুব বলেন, "আপনার সম্মানবোধ থাকলে এই মুহূর্তে পদত্যাগ করুন।" ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে অন্য মানববন্ধনে ফারুক বলেন, প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে 'মেরুদণ্ডহীন' ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন। চারদলীয় জোট শাসনামলে নিজ এলাকায় সন্ত্রাসের বহু অভিযোগের মুখে থাকা ফারুক বলেন, "এক জন গডফাদারকে বিজয়ী করতে সরকার নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন করেনি। এর মাধ্যমে তারা নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করছে। সংবিধান লঙ্ঘন করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৮ ঘ.