পার্থ, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার 'আপত্তি' দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অস্ট্রেলিয়ার পার্থে শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, "জনগণের আশা-আকাক্সক্ষা অনুযায়ী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালের যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া চলছে। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের বিরোধী দলীয় নেতা এ ব্যাপারে আপত্তি জানিয়েছেন।"
"কেবল তাই নয়, তিনি (খালেদা) বরং আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিচার প্রক্রিয়া থেকে বার চেষ্টা করছেন", যোগ করেন হাসিনা।
বর্তমান সরকার দলীয় ব্যক্তিদের দিয়ে যুদ্ধাপরাধীর বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে- এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১৮ অক্টোবর বগুড়ায় এক জনসভায় বলেন, "এটা বিচার নয়, প্রহসন। চার দলকে নিশ্চিহ্ন করার জন্য সরকার এই বিচার করছে। এজন্য নিজামী সাহেব, মুজাহিদ, সাঈদী ও সালাহউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।''
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব পাওয়া একমাত্র বিদেশি নাগরিক ডব্লিউ এ এস ওডারল্যান্ডের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিরোধী দলীয় নেতার ওই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "২১ বছর পর আমরা ক্ষমতায় এসেছিলাম। যুদ্ধাপরাধী ও তাদের মদদদাতারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর থেকে ক্ষমতায় ছিল। বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার দেশের সব মানুষের দাবি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "এ বিচার অবশ্যই হবে।"
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ওডারল্যান্ডের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "আমাদের মাতৃভূমির জন্য যেভাবে একজন বিদেশি লড়াই করেছেন, সেই তথ্য জানা বাংলাদেশের যুব সমাজের জন্য একটি বিরাট বিষয়।"
নেদারল্যান্ডসের নাগরিক ওডারল্যান্ড ১৯৭১ সালে ঢাকায় বাটা কোম্পানির সিইও হিসেবে কর্মরত ছিলেন। সে সময় নিরস্ত্র বাঙ্গালীর ওপর পাকিস্তানি বাহিনীর বর্বর হামলা দেখে তিনি এই গণহত্যার বিষয়টি বিশ্বকে জানানোর তাগিদ অনুভব করেন। বিদেশি হিসেবে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ থাকায় তিনি সে সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বর্বরতার ছবি তোলেন এবং বিদেশি গণমাধ্যমগুলোতে পাঠিয়ে দেন।
ডাচ রাজকীয় সিগন্যাল কোরের সার্জেন্ট হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ওডারল্যান্ড এক পর্যায়ে টঙ্গী এলাকায় স্থানীয় যুবকদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণও দেন।
১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার পর অস্ট্রেলিয়ায় বদলি হন ওডারল্যান্ড। ৮৪ বছর বয়সে সেখানেই মারা যান তিনি।
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আধুনিক দেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। রোববার বিকেলে তার দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/০৯৫২ ঘ.
bdnews24