২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তিন 'জামায়াতকর্মী' গ্রেপ্তার

ঢাকার সাভারে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 02:34 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

সাভার, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিওেফার ডটকম)- ঢাকার সাভারে জামায়াতে ইসলামীর তিন কর্মীকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে মিছিল করার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন মাহমুদুল ইসলাম (২৮), হাবিবুর রহমান (২৯) ও মইনুল ইসলাম (২৫)। তারা জামায়াতের সাভার উপজেলা কমিটির সক্রিয় কর্মী বলেও পুলিশ নিশ্চিত করে। তবে জামায়াতে ইসলামী তাদের কোনো কর্মী গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জামায়াতে ইসলামী সাভার উপজেলা শাখার উদ্যোগে প্রায় দুইশ' নেতাকর্মী সাভার বাসস্ট্যান্ডে একটি মিছিল করে। মিছিল শেষে চলে যাওয়ার সময় পুলিশ ধাওয়া করে তিন জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর জামায়াতের সচিব (রাজনৈতিক) হাসান মাহবুব মাস্টার। হাসান মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের কোন নেতা-কর্মী পুলিশের হাতে আটক হয়নি। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। পুলিশ অন্য কোনো লোককে আটক করে জামায়তকর্মী বলে চালাচ্ছে। মাহবুব আরো বলেন, "২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠার হামলায় নিহত জামায়াত ও শিবিরের ৬ নেতা-কর্মীকে স্মরণ, তাদের হত্যাকারীদের বিচার এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলা প্রত্যাহারের দাবিতে এ মিছিল করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিওেফার ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২৭ ঘ.