২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার জনসভা ঘিরে বর্ণিল সাজে ময়মনসিংহ

বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার জনসভাকে ঘিরে ময়মনসিংহ শহরকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে। শহরজুড়ে শোভা পাচ্ছে নানা রঙের ব্যানার-ফেস্টুন-তোরণ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 10:21 AM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ময়মনসিংহ, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার জনসভাকে ঘিরে ময়মনসিংহ শহরকে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হয়েছে। শহরজুড়ে শোভা পাচ্ছে নানা রঙের ব্যানার-ফেস্টুন-তোরণ। বৃহস্পতিবার বিকালে জিয়া সার্কিট হাউজ মাঠে চারদলীয় জোটের জনসভায় ভাষণ দেবেন বিরোধী দলীয় নেতা। খালেদার ময়মনসিংহ আসার খবরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন থেকে বাস ও অন্যান্য বাহনে করে নেতা-কর্মীরা বাদ্য বাজিয়ে জনসভাস্থলের দিকে আসতে শুরু করেন। দুপুরে ছোট ছোট মিছিল নিয়ে শহরের বিভিন্ন মহল্লা থেকে সভাস্থলে আসেন নেতা-কর্মী-সমর্থকরা। স্থানীয় বিএনপি নেতারা জানান, তিন বছর পর খালেদা জিয়া ময়মনসিংহে জনসভা করতে আসছেন। গাজীপুরের টঙ্গী থেকে সার্কিট হাউজ পর্যন্ত তাকে স্বাগত জানিয়ে প্রায় পাঁচশ তোরণ নির্মাণ করা হয়েছে। ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই জনসভা উপলক্ষে শহরজুড়ে সাজ সাজ রব পড়ে যায় বুধবার থেকেই। প্রধান সড়কগুলোর দুই পাশে বসানো হয় জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিশাল বিশাল প্রতিকৃতি। টাউন হল মোড় থেকে সার্কিট হাউস মাঠে জনসভা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশ সাজানো হয়েছে বিএনপি ও ছাত্রদলের পতাকা এবং ধানের শীষ দিয়ে। সার্কিট হাউজ এলাকায় পুরো সড়কজুড়ে অঁাঁকা হয়েছে আল্পনা। জেলা বিএনপির সভাপতি ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন আশা করছেন, এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল এবং দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গড়ে তুলতে বিভিন্ন জেলায় জনসভাসহ রোডমার্চ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এরই মধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে গত ১০ অক্টোবর সিলেট এবং ১৮ ও ১৯ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চ হয়েছে। এরপর চট্টগ্রাম ও খুলনা অভিমুখেও রোডমার্চ করার কথা রয়েছে খালেদা জিয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৬১৮ ঘ.