২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকুন্দিয়া পৌর নির্বাচনে প্রচারণা চলছে

কিশোরগঞ্জ নবগঠিত পাকুন্দিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জ নবগঠিত পাকুন্দিয়া পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ অক্টোবর। প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। ভোটারদের কৌতুহল কে হচ্ছেন তাদের পৌরসভার প্রথম মেয়র। ভোটারদের মন জয় করতে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা। সকাল থেকে গভীর রাত অবধি চালাচ্ছেন বাড়ি বাড়ি গণসংযোগ। পোস্টার, ব্যানার ও ফেস্টুন আর মাইকিংয়ে নতুন এই পৌরসভা নিয়েছে নির্বাচনী সাজ। ২০০৭ সালে সদর, নারান্দী ও হোসেন্দী ইউনিয়ন নিয়ে পাকুন্দিয়া পৌরসভা গঠিত হয়। কিন্তু সীমানা সংক্রান্ত জটিলতার কারণে সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। চলতি বছরের মাঝামাঝি মামলা নিষ্পত্তি হলে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়। গত ৩ অক্টোবর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে মেয়র পদে সাতজন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ১৭ হাজার ২৭৪ জন ভোটার রয়েছেন এখানে। মেয়র পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা বিএনপি সভাপতি জালাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও বিএনপির আরো দুইজন করে এবং জামায়াতে ইসলামীর একজন। নির্বাচনের রিটার্নিং অফিসার পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহার জানান, নির্বাচনের দিন প্রতিকেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব, আমর্ড পুলিশসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২১ ঘ.