২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির চট্টগ্রাম রোড মার্চ নিয়ে ওয়েবসাইট

দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ ও মহাসমাবেশকে সামনে রেখে ওয়েবসাইট চালু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ ও মহাসমাবেশকে সামনে রেখে ওয়েবসাইট চালু করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে যৌথভাবে এ ওয়েবসাইট উদ্বোধন করেন নগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম মোরশেদ খান। এ সময় নগর বিএনপি'র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি শামসুল আলম, আবু সুফিয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপি'র এই ওয়েবসাইটের ঠিকানা: www.bnpctg.org। এতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ ও মহাসমাবেশকে ঘিরে সব দলীয় কার্যক্রম ও নোটিশ জানা যাবে। বিএনপির চট্টগ্রামমুখী এ রোড মার্চের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ২৫ অক্টোবর এটি হবে বলে গত ২৭ সেপ্টেম্বর এক সমাবেশে ঘোষণা দেন খালেদা জিয়া। পরে ঈদুল আজহা ও হজের কারণে এটি ঈদের পরে হবে বলে জানানো হলেও তারিখ এখনো ঠিক হয়নি। এদিকে, ছাত্রলীগের কর্মীদের মারধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্র আবিদুর রহমানের নিহত হওয়ার প্রতিবাদে সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ করে নগর বিএনপি। নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে নগর কমিটির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নুর আহম্মদ সড়কে সমাবেশ করে। সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্র আবিদের হত্যাকারী ছাত্রলীগ 'সন্ত্রাসীদের' গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। এছাড়া ঈদের পর বিএনপি রোড মার্চকে সফল করতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসায় চারদলীয় জোট নেতাদের বৈঠক হয় দুপুরে। এতে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১৩৭ ঘ.