২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান চৌধুরীসহ জামায়াতের ৩২ নেতা-কর্মী রিমান্ডে

পুলিশের ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৩২ নেতাকর্মীকে ৩৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার ঘটনায় সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ৩২ নেতাকর্মীকে ৩৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। পুলিশের আবেদনে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান এ অনুমতি দিয়েছেন। চট্টগ্রাম আদালত পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহজাহান চৌধুরীসহ মোট ৩৩ জনকে হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিলো। আদালত শুনানি শেষে ৩২ জনের প্রত্যেককে ৩৬ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে। বাকি এক জনের রিমান্ড আবেদনের শুনানি মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী ২৩ অক্টোবর হবে বলে জানান মাইন উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৩ জনের প্রত্যেককে সাত দিন করে হেফাজতে চেয়ে আবেদন হয়েছিলো। গত ১৯ সেপ্টেম্বর নগরীর মুরাদপুর এলাকায় জামায়াত ও শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে চট্টগ্রাম মহানগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল মান্নানসহ চার পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় পুলিশ বাদি হয়ে নগর জামায়াতের আমির ও সংসদ সদস্য শামসুল ইসলাম, শাহজাহান চৌধুরীসহ ৯৫ জনের নাম উল্লেখ করে তিন হাজার জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এরপর নগরীর বিভিন্ন থানা এলাকায় ও উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। শাহজাহান চৌধুরীকে গত বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/১৯৩০ ঘ.