২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রাজ্জাকের আগাম জামিন

পল্টনে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনার মামলায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে চার মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টনে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনার মামলায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে চার মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার দুপুরে রাজ্জাকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও মো. হাবিবুল গণির বেঞ্চ। আব্দুর রাজ্জাকের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার বেলায়েত হোসেন। বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, গত ৩ সেপ্টেম্বর রাজ্জাক দেশের বাইরে যান। গতকাল (সোমবার) রাত সাড়ে ১০টায় তিনি দেশে ফিরেন। ফলে ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নাই। এ পরিপ্রেক্ষিতে আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তা মঞ্জুর করে আদালত। ১৯ সেপ্টেম্বর ঢাকা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর কর্মীদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশের গাড়িসহ অন্তত ১৫টি বাহনে আগুন এবং ২৫টি গাড়ি ভাংচুর হয়। পরদিন ঢাকা ও চট্টগ্রামে জামায়াতে ইসলামীর সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় নয়টি মামলা হয়। এর মধ্যে পুলিশ বাদি হয়ে রমনা থানায় ছয়টি এবং পল্টন থানায় দুটি মামলা করে। এসব মামলায় দলটির শীর্ষ পর্যায়ের নেতাদেরও আসামি করা হয়। গ্রেপ্তার করা হয়ে প্রায় তিনশ জনকে। দ্রুত বিচার আইনে করা এ সব মামলায় জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক তাসনীম আলম, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলামকেও আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়। চট্টগ্রামে পাঁচলাইশ থানায় ৯৫ জনের নাম উল্লেখসহ ৩ হাজার জনকে আসামি করে মামলা করে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/জিএনএ/১৫০৮ ঘ.