ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে জনমত সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোড মার্চে গাজীপুরের কালিয়াকৈরে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সেখানে একটি পথসভায় বক্তৃতা করার কথা রয়েছে তার।
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় ঢাকার উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে ২ হাজারেরও বেশি গাড়ির এই রোড মার্চ শুরু হয়।
দুইদিনের এই রোড মার্চের প্রথম দিন কালিয়াকৈরের পর টাঙ্গাইলের ভুয়াপুর ও সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথ সভা করে বিকালে বগুড়ায় জনসভা করবেন খালেদা জিয়া। পরদিন নওগাঁ একটি পথসভা করে চাঁপাই নবাবগঞ্জে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
রোডমার্চের গাড়িবহর সকাল ১০টায় উত্তরা থেকে যাত্রা শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্বিত হয়। খালেদা জিয়া তার গুলশানের বাসা থেকে উত্তরার উদ্দেশে রওনা হন সোয়া ১০টার দিকে।
খালেদা জিয়ার নেতৃত্বে রোডমার্চ চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা হওয়ার পর উত্তরা, আবদুল্লাহপুর, টঙ্গী ব্রিজ ও টঙ্গী শিল্প এলাকায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে বিএনপির নেতা-কর্মী-সমর্থকরা ফুল ছিটিয়ে এই কর্মসূচির সাফল্য কামনা করেন।
এ সময় তাদের হাতে ছিল লাল-নীল পতাকা। ড্রাম বাজিয়ে, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে রোডমার্চকে উৎসাহ জোগান তারা।
সাদা রংয়ের পাজেরো জিপে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন দলের সহসভাপতি সেলিমা রহমান। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ দলেল জ্যেষ্ঠ নেতারাও অংশ নিচ্ছেন এই রোড মার্চে।
গত ২৭ সেপ্টেম্বর নয়া পল্টনে চার দলের সমাবেশ থেকে খালেদা এই রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেন। সিলেট অভিমুখে প্রথম রোড মার্চ হয় ১০ অক্টোবর। পরদিন সিলেটে এক জনসভায় বক্তৃতা করেন খালেদা।
খালেদা জিয়ার রোড মার্চে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, এতে ভয় পেয়ে সরকারি দলের নেতারা সমালোচনামুখর হয়েছেন।
রোড মার্চ নিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, "রোড মার্চে সর্বত্র দেশের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি হওয়ায় সরকারের তা পছন্দ হচ্ছে না। তাই প্রধানমন্ত্রী নানা মন্তব্য করছেন।"
"আমরা বলতে চাই, এসব হুমকি-ধমকিকে বিএনপি পরোয়া করে না, ভয় পায় না," বলেন তিনি।
খালেদার ঢাকা-সিলেট রোড মার্চের সমালোচনা করে প্রধানমন্ত্রী রোববার এক জনসভায় বলেন, "এটি রোড মার্চ নয়, রোড শো।"
চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে দুই দিনের রোড মার্চ সিলেটের মতোই সফল হবে বলে আশা প্রকাশ করেন রোড মার্চ প্রস্তুতি কমিটির সমন্বয়কারী নজরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১২৩৪ ঘ.
bdnews24