ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন, রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার সকালে রাজশাহীমুখী রোড মার্চ শুরু করবে বিএনপি এবং বাধা এলে নেতা-কর্মীরা মোকাবেলা করবে।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, "সকাল ১০টায় উত্তরা থেকে শুরু হওয়া এ রোড মার্চে খালেদা নেতৃত্ব দেবেন।"
উত্তরাঞ্চলের ৫ জেলায় রোড মার্চ করে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জনসভার মধ্য দিয়ে এই রোড মার্চ শেষ হবে। পরিবর্তন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের জনসভার স্থল।
রুহুল কবির রিজভী এ কর্মসূচিকে 'শান্তিপূর্ণ' অভিহিত করে বলেন, "সিলেটের রোড মার্চে গণজাগরণ সৃষ্টি হয়েছিলো। চাঁপাইনবাবগঞ্জের রোড মার্চেও তা হবে। এই কর্মসূচিতে সরকার কিংবা প্রশাসন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তার পরিণতি ভালো হবে না। যেখানে বাধা হবে- নেতা-কর্মীরা তা নিজস্ব দায়িত্বে মোকাবিলা করবে।"
এ ব্যাপারে সরকার ও প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।
গত ১০ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সিলেটের উদ্দেশে রোড মার্চ করে বিএনপি।
নয়া পল্টনে বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ ব্রিফিং হয়।
রিজভী জানান, চাঁপাইনবাবগঞ্জের জনসভার স্থল পরিবর্তন করা হয়েছে। খালেদা জিয়ার এই জনসভাটি হবে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে।
শনিবার সংবাদ ব্রিফিঙে বলা হয়েছিলো জেলার হরিমোহন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা হবে।
রিজভী বলেন, "খালেদা জিয়া প্রথম দিন বগুড়া পর্যন্ত তিনটি জেলায় যথাক্রমে গাজীপুরের কালিয়াকৈর বাইপাস সড়ক, টাঙ্গাইলের ভুয়াপুরের বাসস্ট্যাণ্ড ও সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় বক্তব্য রাখবেন।"
এরপর বিকাল ৩টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে জনসভায় খালেদা জিয়া বক্তব্য দেবেন।
বগুড়া সার্কিট হাউজে রাত্রিযাপন শেষে পরদিন বুধবার খালেদা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রোড মার্চ শুরু করবেন। পথে তিনি নওগাঁ এ টি এম স্কুলমাঠে পথসভা করবেন।
বিরোধীদলীয় নেতা রাজশাহী ও নাটোরের ওপর দিয়ে ঢাকা ফিরবেন।
সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৭৫৯ ঘ.
bdnews24