২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের জনসভা হবে সর্বকালের সর্ববৃহৎ: খসরু

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভা সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভা সর্বকালের সর্ববৃহৎ জনসভা হবে। তিনি বলেন, "ওই দিন চট্টগ্রাম হবে মিছিলের নগরী।" তবে চট্টগ্রামে বিএনপির ওই জনসভা কবে হবে তা এখনও ঠিক হয়নি। আগামী ২৫ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রোড মার্চের পরদিন চট্টগ্রামে জনসভা হবে বলে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীতে এক সমাবেশে ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। পরে হজ ও ঈদুল আজহার কারণে এ রোড মার্চ পেছানো হলেও তারিখ নির্ধারণ হয়নি। শনিবার বিকালে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত সমাবেশের প্রস্তুতি সভায় আমীর খসরু বলেন, "জনগণ এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। এখন আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে তারা সময় মতো বিদায় নেবে নাকি জনগণ গণআন্দোলনের মাধ্যমে তাদের বিদায় করবে।" সভায় জানানো হয়, ঈদুল আজহার পর চট্টগ্রামে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোডমার্চ ও নগরীর লালদীঘির মাঠে জনসভা আয়োজন করা হবে। সভায় বিএনপি নেতারা জানান, রোডমার্চ ও জনসভা সফল করতে নগরীর ৪১টি ওয়ার্ডে কর্মীসভা, পাড়া-মহল্লায় গণসংযোগ, বিভিন্ন স্পটে গণসঙ্গীত ও পথনাটক পরিবেশন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৫৫ ঘ.