নারায়ণগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হ্যাকিং বা এর ফলাফলে কারচুপির কোনো সুযোগ নেই বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন।
শনিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পর্কিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "যদি কেউ মনে করেন ইভিএমে কারচুপি করা বা হ্যাকিং বরার সুযোগ আছে তাহলে দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়ে আসুন। আমাদের প্রমাণ করে দেখান।
"আমরা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি। এতে শঙ্কার কোনো কারণ নেই।"
জেলা শহরের চাষাঢ়ায় জিয়া হলে তিনি প্রার্থী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় প্রার্থীরা ছাড়াও রিটার্নিং অফিসার বিশ্বাস লুৎফর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদী হাসান, পুলিশ সুপার শেখ নাজমূল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, অনেকে ইÑভোটিং ও ইলেকট্রনিক ভোটিং মেশিনকে গুলিয়ে ফেলছে। এই দুইয়ের মধ্যে রাতদিন পার্থক্য রয়েছে। ইÑভোটিংয়ে নেটওয়ার্ক, ওয়্যার ও ফ্রিকোয়িন্স আছে। ইভিএম-এ কোনোটাই নেই।
প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন না করার আহবান জানিয়ে বলেন, এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচনী ব্যয় তাদরকি করা হচ্ছে। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।
সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নে ছহুল হোসাইন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সবরকম পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। সাড়ে চার হাজার র্যাব, পুলিশ, আনসার, কোস্টগার্ড মোতায়েন করা হবে। প্রয়োজনে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।
মতবিনিময় সভায় বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমূর আলম খন্দকার ইভিএম ব্যবহার থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আবেদন জানান।
তিনি বলেন, ইভিএম হ্যাক করে ফলাফল পাল্টে দেওয়া যায়। ভারত, আমেরিকায় এটা গ্রহণযোগ্য হয়নি। সাধারণ ভোটাররা ইভিএম ব্যবহার করে ভোট দিতে পারবে না।
এনসিসি নির্বাচনে তিনি সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান।
সেলিনা হায়াত আইভী বলেন, আমি ইভিএম ব্যবহারের বিরোধিতা করি না। কিন্তু দিনে দিনে নানা প্রশ্ন দেখা দিচ্ছে। সংশয় তৈরি হচ্ছে আমাদের মনে। যে নয়টি ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হবে তা নির্বাচনে আমাদের সঙ্গে কথা বলা হয়নি।
তিনি বলেন, "শামীম ওসমানের বড় ভাই সাংসদ নাসিম ওসমান সংবাদ সম্মেলন করে বলেছেন- ৩০ অক্টোবর সন্ধ্যা ৭টায় শামীম ওসমানকে বিজয়ী ঘোষণা করা হবে। আমি (আইভী) পাঁচ হাজারের কম ভোট পাবো।"
সংসদ সদস্যের এই বক্তব্যে তার মনে শঙ্কা তৈরি হয়েছে। তাই তিনি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান।
আরেক প্রার্থী শামীম ওসমান বলেন, ইভিএম ব্যবহার করা হলে আমার কোনো আপত্তি নেই।
তিনি কমিশনকে এমন কোনো সভার আয়োজন করতে বলেন যেখানে প্রার্থীরা তাদের বক্তব্য রাখতে পারবেন। তাহলে প্রচারণা অনেক সহজ হবে।
এর আগে সকাল ১১টায় নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২১ ঘ.
bdnews24