২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজ্ঞানে জ্ঞান দিয়ে লাভ নেই: সাজেদা

শেখ হাসিনার ধর্ম নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতার 'জ্ঞান' নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার ধর্ম নিয়ে খালেদা জিয়ার প্রশ্ন তোলার প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতার 'জ্ঞান' নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। দুর্গাপূজায় শেখ হাসিনার করা একটি মন্তব্য নিয়ে গত মঙ্গলবার সিলেটে জনসভায় শেখ হাসিনার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএনপি চেয়ারপাসন। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা বলেন, "খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি বলতে চাই, কোনো অজ্ঞান ব্যক্তিকে কোনো দিন জ্ঞান দেওয়া যায় না। এ বৃথা চেষ্টা তাই আমি করবো না।" বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের জেলা প্রতিনিধিদের এক সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশকে রাজকারমুক্ত করার ঘোষণা দিয়ে সংসদ উপনেতা সাজেদা বলেন, "৪০ বছর পর বাংলাদেশের মাটিতে রাজাকারদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আমাদের বিরোধীদলীয় নেত্রীর তা পছন্দ হচ্ছে না। তাই তিনি রাজাকারদের রক্ষার জন্য রোড মার্চ কর্মসূচি করছেন।" তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবি প্রত্যাখ্যান করে তিনি বলেন, পরবর্তী সাধারণ নির্বাচন অন্যান্য দেশের গণতান্ত্রিক নির্বাচনের মতোই তত্বাবধায়ক ব্যবস্থা ছাড়াই হবে। সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সরকারদলীয় সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক ও সাধনা হালদার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের প্রথম কার্যনির্বাহী সভা হয়। সভায় ৬০টি সাংগঠনিক জেলার মুক্তিযোদ্ধা প্রতিনিধিরা অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৩৫৮ ঘ.