২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভারতের সঙ্গে সরকারের একতরফা প্রেম'

বর্তমান সরকার ভারতের সঙ্গে 'একতরফা প্রেম' করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকার ভারতের সঙ্গে 'একতরফা প্রেম' করছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির এ ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার ভারতকে সব কিছু উজাড় করে দিচ্ছে। ভারতের সঙ্গে তাদের একতরফা প্রেম। "৪০ বছরে যে ট্রানজিট সুবিধা ভারত নিতে পারেনি, তা এই সরকারের আমলে নিয়ে গেছে।" সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে 'ট্রানজিটের নামে করিডোর ও বর্তমান প্রেক্ষিত' শিরোনামে এই আলোচনা হয়। ফখরুল বলেন, "আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, দেশের গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় এই বয়সে আবার যুদ্ধে নামবেন। দেশের বিরুদ্ধে আগ্রাসন শুরু হয়ে গেছে। তাই আর চুপ করে বসে থাকা নয়, যুদ্ধ শুরু করতে হবে।" শুল্ক নির্ধারণ ছাড়া ভারতকে ট্রানজিট দেওয়া হয়েছে দাবি করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, "সরকার এতোই নতজানু যে তারা বিনাশুল্কে ভারতকে তার পণ্য পরিবহনের সুবিধা ট্রানজিট দিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান এখন বলেছেন, প্রশিক্ষণ দিতে পারেননি বলে এখন ট্রানজিটের শুল্ক নেওয়া হচ্ছে না।" "এভাবে সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতকে সব কিছু উজাড় করে দিচ্ছে", যোগ করেন ফখরুল । সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় মন্তব্য করে ফখরুল বলেন, "এজন্য দেশনেত্রী আরেকটি যুদ্ধের জন্য নতুন প্রজন্মসহ দেশবাসীকে ডাক দিয়েছেন।" ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের গত মাসের ঢাকা সফরে দুদেশের মধ্যে ট্রানজিট বিষয়ক একটি সম্মতিপত্র বিনিময় হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত হয়নি। তবে ট্রান্সশিপমেন্টের আওতায় গত ২৮ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ভেতর দিয়ে ভারত তার এক অংশ থেকে আরেক অংশে পণ্য পরিবহন করতে পারছে। এক্ষেত্রে কোনো ফি না নিয়ে উল্টো ভর্তুকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ট্রান্সশিপমেন্টে ফি নেওয়া হয়েছে কি না তা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে জানতে চাওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/পিডি/১৯০৬ ঘ.