সিলেট, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার হটাতে একসঙ্গে দেশের দেড় হাজার স্থানে অবস্থান কর্মসূচি দিতে বললেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ।
মঙ্গলবার সিলেটে চারদলীয় জোটের জনসভায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি এ আহ্বান জানিয়ে তিনি বলেন, "এ রকম কর্মসূচির মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। পদত্যাগ না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে।"
খালেদা জিয়ার নেতৃত্বে শিগগির সরকারের পতন ঘটনো হবে বলেও জানান অলি।
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) সভাপতি অলি এই প্রথম চার দলের জনসভায় যোগ দিলেন। এরই মধ্যে দলীয়ভাবে এলডিপি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সরকারবিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকার ঘোষণা দেয়।
সোমবার ঢাকা থেকে সিলেট অভিমুখে রোড মার্চে খালেদা জিয়ার সঙ্গে অলি আহমেদ ছাড়াও তার দলের নেতা রেদোয়ান আহমেদ, শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ অংশ নেন।
একাত্তরের মুক্তিযুদ্ধে সিলেটে জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে অলি বলেন, "তার নেতৃত্বে ১৪ ডিসেম্বর সিলেট মুক্ত হয়েছিলো। এজন্য বেগম জিয়ার সঙ্গে সিলেটের নাড়ির সর্ম্পক রয়েছে। এখান থেকে সরকার হটানোর আন্দোলনের সূচনা করলেন তিনি।"
নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালে সিলেট থেকেই প্রচার শুরু করেছিলেন বিএনপি চেয়ারপারসন।
জনসভায় জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বিদ্যুৎ খাতে দুর্নীতি সরকারের দুর্নীতির তীব্র সমালোচনা করেন।
পাশাপাশি বর্তমান সরকারের আমলে রাজনীতিবিদদের হয়রানির 'প্রতিশোধ' নেওয়ার দাবি জানান তিনি।
পার্থ বলেন, "বিরোধী দলীয় নেতার প্রতি আমার দাবি থাকবে- বর্তমান সরকার আমলে রাজনীতিবিদদের হয়রানি ও জামায়াত নেতাদের যেভাবে ডাণ্ডাবেড়ি পরানো হয়েছে, আপনি ক্ষমতায় গেলে এই সরকারের ডিজিটাল মন্ত্রীদেরও ঠাণ্ডাবেরি পরানোর ব্যবস্থা নেবেন।"
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর সভাপতিত্বে সমাবেশে জাামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জমিয়তে উলামা ইসলামের নেতারা বক্তব্য দেন।
এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ বৃহত্তর নেত সিলেটের স্থানীয় নেতারা বক্তব্য দেন।
জনসভা পরিচালনা করেন সিলেট মহানগর সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী, জেলা সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০১৪ ঘ.
bdnews24