ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'বড় ভাই আমার মাথায় হাত রাখছেন। আমি জিতবো।'
কথাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশী সেলিনা হায়াত আইভির।
গণভবনের অভ্যর্থনা লবির পূর্ব দিকের দরজার সামনে একই সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের আরেক সমর্থন প্রত্যাশী শামীম ওসমান যখন আইভির মাথায় হাত রাখেন, তখনই এই কথা বলেন আইভি।
সোমবার সন্ধ্যায় সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক এ ঘটনা প্রত্যক্ষ করেন।
কয়েক দফায় আলোচনা ব্যর্থ হওয়ার পর সোমবার সন্ধ্যায় শামীম ওসমান ও আইভিকে গণভবনে ডাকা হয়। কিন্তু, তাদের দু'জনের কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহারে রাজি হননি।
পরে, তারা দু'জন পৃথকভাবে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে দোয়া চাওয়ার পর তিনি গণভবনের হল ঘরে তার পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে চলে যান। আর, শামীম ওসমান মূল দালানের বাইরে বের হয়ে যান কারো সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে।
শামীম ওসমান যখন তার কথোপকথন শেষ করে মূল দালানে ঢোকেন, ঠিক তখনই আইভি বের হচ্ছিলেন। তখন দু'জন সামনাসামনি হয়ে গেলে আইভির মাথায় হাত রাখেন শামীম ওসমান।
তখনই আইভি 'বড় ভাইয়ের' আর্শীবাদ পেয়ে নির্বাচনে জয়লাভের আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০১৪ ঘ.
bdnews24