নারায়ণগঞ্জ, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের সময় দায়িত্বে থাকছেন না জেলা প্রশাসক।
সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক (ডিসি) মো. সামছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সামছুর রহমান বলেন, "আমি ১৫ অক্টোবর থেকে এক মাসের ছুটি নিয়ে বিদেশে প্রশিক্ষণে যাচ্ছি। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে। প্রশাসন নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করছে।"
সভায় জেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরে অন্য বক্তরা সন্ত্রাসমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ নির্বাচনে ভোটাদের নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান। প্রতিটি ওয়ার্ডের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করারও দাবি জানান তিনি।
জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের আব্দুল্লাহ আল কায়সার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/২০০০ ঘ.
bdnews24