২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাস্থানগড়ের পাশে নির্মাণ বন্ধ না করায় ৫ জনকে তলব

বগুড়ার মহাস্থানগড়ে ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধ না রাখায় আওয়ামী লীগের দুই নেতাসহ ৫ জনকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার মহাস্থানগড়ে ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধ না রাখায় আওয়ামী লীগের দুই নেতাসহ ৫ জনকে তলব করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়। যাদের তলব করা হয়েছে তারা হলেন- আওয়ামী লীগ নেতা খোকন সরকার ও সবুজ সরকার, শিবগঞ্জ থানার ওসি, জাদুঘরের কিউরেটর এবং মহাস্থানগড় সংলগ্ন মাজার কমিটির সভাপতি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক আবেদনে আদালত এ আদেশ দেয়। শনিবার দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে তারা এ আবেদন করে। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেয় হাইকোর্ট। আদেশের ২৪ ঘণ্টার মধ্যে শিবগঞ্জ থানার ওসিকে তা বাস্তবায়ন করতে বলা হয়। পাশাপাশি ওই ঐতিহাসিক নিদর্শনের সৌন্দর্য রক্ষায় এর আশপাশে ইমারত নির্মাণ বন্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না- সরকারকে তা জানাতে বলে আদালত। এর জবাব দিতে সংস্কৃতি সচিব, স্বরাষ্ট্র সচিবসহ আট জনকে তিন সপ্তাহ সময় দেওয়া হয়। এর আগে ঢাকার লালবাগ কেল্লার পরিবেশ রক্ষায় স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধ রাখারও নির্দেশ দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/এমইউএস/জেকে/১৭৩৩ ঘ.