ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একক প্রার্থীকে সমর্থন না দেওয়ায় অর্ধেক পৌরসভায় ফল মহাজোটের অনুকূলে আসেনি বলে মনে করেন হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, সংখ্যায় বেশি ভোট পেলেও পৌর নির্বাচনের ফল মহাজোটের জন্য একটি অশনি সংকেত।
বৃহস্পতিবার পৌর নির্বাচনের ফল নিয়ে এক বিবৃতিতে মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এ কথা বলেন।
এরশাদের মতে, নির্বাচনে মহাজোটগতভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঘোষণা সঠিক ছিলো না।
পৌর নির্বাচনে ২৪২টির মধ্যে ২৩৫টির ফল পাওয়া গেছে। এতে বিরোধী দল বিএনপি সমর্থিত প্রার্থীরা ৯৩টি এবং ৮৮টিতে জয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র।
জাপা নেতা মনে করেন, প্রায় সব পৌরসভায় মহাজোটের অনুসারী একাধিক প্রার্থী ছিলো। বিএনপি ভোটারদের ঐক্যবদ্ধ করতে পারলেও মহাজোট তা পারেনি।
প্রাপ্ত ফল অনুযায়ী, 'বিদ্রোহীদের' মধ্যে আওয়ামী লীগের ২০ জন এবং বিএনপির নয়জন মেয়র নির্বাচিত হয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব হয় না- এমন মন্তব্য করে এরশাদ আরো বলেন, "এই নির্বাচনে সে বিষয়টি আবারো প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় হওয়া উচিত।"
মহাজোটগতভাবে পৌর নির্বাচন ঘোষণায় জাতীয় পার্টি সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
রংপুর অঞ্চলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টি সমর্থিত দুজন প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। অন্যদিকে চারদলীয় জোটের শরিক জামায়াত জিতেছে পাঁচটিতে। এব বাইরে একমাত্র দল হিসেবে এলডিপি সমর্থিত একজন মেয়র হয়েছেন চট্টগ্রামে। আর স্বতন্ত্র ১৭ জন নির্বাচিত হয়েছেন।
এরশাদ অভিযোগ করেন, "জাতীয় পার্টির ১৯ জনকে মহাজোটের সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণার পর অন্যান্য পৌরসভায় আমার দলের প্রার্থীরা সরে দাঁড়ান। কিন্তু ওই ১৯ পৌরসভায়ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলে এসব পৌরসভার ফল জাতীয় পার্টির বিপক্ষে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমএইচসি/এএল/এইচএ/২২৩৪ ঘ.
bdnews24