২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাট আ.লীগের ২৪ নেতাকে নোটিশ

পৌরসভা নির্বাচনে দলের সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ এনে ২৪ নেতাকে এর কারণ জানাতে নোটিশ দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

জয়পুরহাট, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পৌরসভা নির্বাচনে দলের সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ এনে ২৪ নেতাকে এর কারণ জানাতে নোটিশ দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সেইসঙ্গে তাদের কেন দল থেকে বহিষ্কার করা হবে না সাতদিনের মধ্যে জানাতে বলা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয়রা নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান। জয়পুরহাট সদর পৌরসভায় মেয়র প্রার্থী নন্দলাল পার্শির পক্ষে কাজ না করায় শোকজ করা হয়েছে পৌর ও জেলা আ'লীগের ১১ নেতাকে। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিম চন্দ্র সরকার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী ও ইউসুফ আলী, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক তোজাম্মেল হোসেন, সদস্য মোজাহার আলী, হাফিজার রহমান, আব্দুল লতীফ চৌধুরী, আনোয়ার হোসেন, আবুল হোসেন মোল্লা ও হামিদুল মোল্লা। শোকজ করার বিষয়টি নিশ্চিত করে বুধবার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনদিনের সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে মাত্র একজন শোকজের জবাব দিয়েছেন। পৌর আওয়ামী লীগের পরবর্তী সভায় অভিযুক্তদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে কালাই পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী ও উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলালের পক্ষে কাজ না করায় দলের স্থানীয় ১৩ নেতাকে কারণ জানাতে বলা হয়েছে। যাদের নামে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার হালিমুল আলম, সহসভাপতি আব্দুল বারী, সদস্য ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সোবহান মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক খায়রুল আনাম সরকার, শ্রম সম্পাদক তফিজ উদ্দিন সরদার, কার্যনির্বাহী সদস্য ও 'বিদ্রোহী প্রার্থী' হেলাল উদ্দিন মোল্লা ও মামুনুর রশীদ সরদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আ ন ম শওকত হাবিব তালুকদার, পুনট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফকির, জাহাঙ্গীর আলম ও মাহবুবুর রহমান। কালাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান বলেন, নোটিশের জবাব পাওয়ার পর ওই নেতাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাদের দল থেকে বহিষ্কার করা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.