রাঙামাটিতে আ.লীগ কার্যালয় ভাংচুর
রাঙামাটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেছে।
রাঙামাটি, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পরাজয়ে ক্ষুব্ধ নেতাকর্মীরা দলীয় কার্যালয় ভাংচুর করেছে।
বুধবার দুপুরে শহরের বিভিন্ন এলাকা থেকে শতাধিক নেতাকর্মী লাঠিসোটা নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড এলাকার কার্যালয়ে হামলা করে।
রাঙামাটি পৌরসভার মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মতিন পরাজিত হন।
মঙ্গলবারের নির্বাচনে মেয়র হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধরা কার্যালয় ভবনের জানলার কাচ ভাংচুর করে। তারা ভেতরে থাকা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন, সহ-সভাপতি রুহুল আমিনকে লাঞ্ছিত করে।
এ সময় মতিনের পরাজয়ের জন্য দলের জ্যেষ্ঠ নেতাদের দায়ী করে স্লোগান দেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
তারা অভিযোগ করেন, দলের সমর্থিত প্রার্থীর পক্ষে ওই নেতারা আন্তরিকভাবে কাজ করেননি।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাঙামাটি কোতয়ালি থানার ওসি বাবুল সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রার্থী পরাজিত হওয়ায় ক্ষুব্ধ কর্মীরা আওয়ামী লীগের কার্যালয় ভাংচুর করতে চেয়েছিলো।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি সমর্থক ও আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু উশৃঙ্খল কর্মী কয়েকজন নেতাকর্মীকে অপমান কার্যালয় ভাংচুর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.
