ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর নির্বাচনে ফেনী, হবিগঞ্জ, চাঁদপুরের ছেংগারচর ও কুমিল্লার নাঙ্গলকোটে গোলযোগ হয়েছে। ফেনী ও নাঙ্গলকোটে ছিনতাই হয়েছে ব্যালট বাক্স। হবিগঞ্জের একটি এবং নাঙ্গলকোটের একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়েছে। ফেনীতে মারধর করা হয়েছে নির্বাচন কর্মকর্তাকে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৮ পৌরসভায় মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এসব পৌর এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ফেনী পৌরসভার চারটি এবং পরশুরাম পৌরসভার একটি কেন্দ্রে গোলযোগের খবর পাওয়া গেছে।
সকাল সাড়ে ৮টার দিকে ফেনী পৌরসভার বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা শাহ আলম পাটোয়ারিকে মারধর করে এক দল যুবক। তবে সেখানে ভোটগ্রহণ চলছে।
এর কিছু সময় পর বারাইপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাই হয়। সেখানে ভোটগ্রহণ বন্ধ হয়ে গেছে। ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক হারুনের এজেন্ট মোহাম্মদ রাসেলকে সরকার সমর্থকরা বের করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সহদেবপুর খায়রুল এছাক প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত ৬ জন।
পরশুরাম পৌরসভার বাঁশপেটুয়া কেন্দ্রে ব্যালট ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাদ আহমেদ মারধরের স্বীকার হয়েছেন। গোলযোগের কারণে সেখানে সকাল ১০টা থেকে আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিলো। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফেনীর জেলা রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, "ফেনী বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়েছে বলে শুনেছি। বারাইপুরে দুটি ব্যালটবাক্স ছিনতাই হয়েছে।"
হবিগঞ্জ পৌরসভার টাউন মডেল বালক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টার দিকে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
পরে সেখানে যান বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জি কে গউস। তখন তার সঙ্গে জেলা যুবলীগের নেতাদের সঙ্গে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে কিছু সময় দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়াও চলে। এরপর ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ধাতীসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকালে একটি ব্যালটবাক্স ছিনতাই হয়। এরপর সেখানে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা রেজাউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে লিখিত প্রতিবেদন পেলে নির্বাচন বাতিল করা হবে।
চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় কেন্দ্র দখলের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আমেনা বেগম। কেন্দ্র দখলের অভিযোগ পেয়ে দুপুর ১২টার দিকে ছেংগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ স্থগিত করে দেওয়া হয়েছে।
এর আগে সকালে পৌরসভার চারটি ভোটকেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ১০ জন আহত হয়।
চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় চারটি কেন্দ্রে সরকার সমর্থকরা বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারে প্রতি পৌরসভায় একজন করে বিচারিক ও একজন করে নির্বাহী হাকিম নিয়োজিত রয়েছে। চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের নির্বাচনী এলাকাগুলোয় নির্বাহী হাকিমের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা সর্বত্র টহলে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০০ ঘ.
bdnews24