ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হলের ছাত্রলীগ সমর্থক ৪৪ ছাত্রকে বের করে দিয়েছেন হল শাখার সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহীদুল্লাহ হল থেকে ৪৪ জন ছাত্রলীগ সমর্থককে বুধবার রাত ১১টার দিকে বের করে দেন হল শাখার সভাপতি শাহরিয়ার আজম মুন্না।
হল প্রভোস্ট আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রীর প্রোগ্রামে না যাওয়ার কারণে হলে সমস্যা হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে আমি খোঁজ নিচ্ছি।"
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু এ ধরনের কোনো ঘটনার কথা অস্বীকার করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শাহরিয়ার আজম ওই ৪৪ জনকে অতিথি কক্ষে ডেকে নিয়ে ১০ মিনিটের মধ্যে হল থেকে বের হয়ে যেতে বলেন। বের করে দেওয়া শিক্ষার্থীরা রাত পৌনে ১২টা পর্যন্ত কার্জন হলের সামনে বসে ছিল।
এসময় শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের কথা বলতে বাধা দেয়।
বের করে দেয়া কর্মীদের কয়েকজন নামপ্রকাশ না করার শর্তে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা নিজেরাও ছাত্রলীগ সমর্থক।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে যোগ দিয়ে বুধবার সন্ধ্যায় দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বিশেষ করে শিশুমৃত্যুর হার কমানোয় অসাধারণ সাফল্য অর্জন করায় বাংলাদেশ এবছর জাতিসংঘ পুরস্কার পেয়েছে। পুরস্কারটি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশসহ ছয়টি দেশকে এ পুরস্কার দেওয়া হয়।
বাংলাদেশ জাতিসংঘ পুরস্কার পাওয়ায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো তাদের দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/পিডি/০০০০ ঘ.
bdnews24