ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশের অর্থনীতির চরম ক্ষতি সাধন করেছে বলে দাবি করেছেন প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার রাজধানীতে এক আলোচনায় সভায় দেশের অর্থনীতিকে প্রতিবেশী দেশ 'অক্টোপাস' এর মতো ঘিরে ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
দেলোয়ার বলেন, "এখনো সরকার ভারতের সঙ্গে করা চুক্তিগুলো প্রকাশ করেনি। সরকার আমাদের অর্থনীতির ১২টা বাজিয়ে ফেলেছে। আমাদের দেশের মাটি একচেটিয়া ব্যবহারের ষড়যন্ত্র চলছে।"
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে 'প্রতিহিংসামূলক মিথ্যা মামলা' প্রত্যাহার না করাকে সরকারের 'রাজনীতিপ্রীতি' হিসেবে অভিহিত করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, "এ পর্যন্ত বর্তমান সরকার তার দলের ৬,৩৯৪টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে। তারা আমাদের মামলাগুলো প্রত্যাহার না করে রাজনীতিপ্রীতি দেখাচ্ছে।
"এখন কামরুল সাহেব (আইনপ্রতিমন্ত্রী) বলছেন, বিরোধী দলের মামলাগুলো হয়রানিমূলক ও রাজনৈতিক নয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় কেবল আওয়ামী লীগের বিরুদ্ধেই হয়রানিমূলক ও রাজনৈতিক মামলা হয়েছে।"
'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহারে সরকার দ্বৈতনীতির মাধ্যমে সন্ত্রাসী ও অপরাধীদের (ক্রিমিনাল) মুক্ত করে দিচ্ছে বলে অভিযোগ করেন দেলোয়ার।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দুপুরে জিয়া পরিষদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে 'বর্তমান সরকারের দুর্নীতি ও নির্যাতনে গণতন্ত্র কোন পথে' শীর্ষক ওই আলোচনা সভা হয়।
সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের অধ্যাপক কামরুল ইসলাম চৌধুরী, তরঙ্গ আনোয়ার, অধ্যক্ষ মাহবুবুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৫৩৩ ঘ.
bdnews24