ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফিরবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি।
বিরোধী দলের অনুপস্থিতিতেই জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন সোমবার শুরু হয়েছে, যা আগামী ৫ অক্টোবর পর্যন্ত চলবে।
স্পিকারের আহ্বান সত্ত্বেও প্রধান বিরোধী দল বিএনপি অধিবেশন শুরুর দিন সংসদে যায়নি। তবে দলের পক্ষ থেকে আগেই বলা হয়, দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সোমবার বলেন, "আমরা সংসদে যেতে চাই। কিন্তু সংসদে যাওয়ার কোনো পরিবেশ সরকার এখনো সৃষ্টি করেনি।"
এর আগে গত শুক্রবার বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিএনপির পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করে সংসদে যাওয়ার শর্ত হিসেবে তা পূরণের জন্য সরকারি দলের প্রতি আহ্বান জানান।
সংসদের পঞ্চম অধিবেশন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জাতীয় বাজেট উপস্থাপনের আগে ২ জুন ২৫ মিনিটের জন্য বিএনপি সংসদে যায়। এরপর থেকে তারা সংসদ অধিবেশনে আর যোগ দেয়নি।
এর আগে দ্বিতীয় ও তৃতীয় অধিবেশনে টানা অনুপস্থিত ছিলো বিরোধী দল। চতুর্থ অধিবেশনে অবশ্য কিছু দিন অংশ নেয় তারা।
সংসদের আইন বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, নবম সংসদের পঞ্চম অধিবেশন পর্যন্ত মোট ১৫৮ কার্যদিবসের মধ্যে বিরোধী দলের সদস্যরা ১১৪ দিনই অনুপস্থিত ছিলেন। এর মধ্যে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মাত্র পাঁচ দিন সংসদে উপস্থিত ছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি হবে সন্ধ্যা সাড়ে ৭টায় দলীয় চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে। চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১১৮ ঘ.
bdnews24