ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম)- জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছেন বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, "একদলীয় বাকশালের মাধ্যমে আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের বিলুপ্তি ঘটেছিলো। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে জিয়াউর রহমানই আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছিলেন।"
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, "খোন্দকার দেলোয়ার গংরা যেভাবে অপপ্রচার চালাচ্ছেন, তাতে তারা একদিন জিয়াকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা দাবি করে ফেলতে পারেন।''
মির্জা ফখরুল এই বক্তব্য খণ্ডন করতে গিয়ে আরও বলেন, "হানিফ সাহেবের বক্তব্য সত্যের অপলাপ মাত্র। জিয়া কেনো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হতে যাবেন। ওই দলটির প্রতষ্ঠাতা মাওলানা ভাসানীর নামই তারা ভুলে গেছেন।"
এর আগে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে সকাল সাড়ে ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী-সমর্থকরা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণ করেন। পরে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত ও লন্ডনে অসুস্থ তারেকের আরোগ্য কামনা করে মোনাজাত করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, "বিএনপির ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমান। ১/১১ তে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু পারেনি। সেই সময় থেকে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে।''
তিনি তারেক রহমানের ওপর নির্যাতনকারীদের শাস্তি দাবি করেন।
জিয়ার কবরে পুস্পমাল্য অর্পণের সময়ে অন্যদের মধ্যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল হালিম, এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সভাপতি এ কে এম আজিজুল হক, যুব দলের সহসভাপতি আবদুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।
২০০৮ সালের এদিনে তারেক রহমান উচ্চ আদালতের নির্দেশে জামিনে মুক্ত হন। পরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। ২০০৭ সালে ১/১১ এর জরুরী অবস্থা জারির পর তারেক রহমানকে মার্চ মাসে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, কর ফাঁকি, অবৈধ সম্পদ অর্জনের মামলাসহ মোট ১২টি মামলা এখন বিচারাধীন। তবে সবগুলো মামলাতেই তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৩৫০ ঘ.
bdnews24