ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আউয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইফতারির টোকেন ভাগাভাগির জের ধরে গত ১৫ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ্ মখদুম (এসএম) হলের ছাত্রলীগ কর্মী নাসরুল্লাহ নাসিমকে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে দোতলা থেকে ফেলে দেওয়া হয়।
ইতিহাস বিভাগের ছাত্র সাধারণ সম্পাদক গ্র"পের এই কর্মী আটদিনের মাথায় সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে মারা যান।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র"পের মধ্যে কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সভাপতি গ্র"পের ১০ কর্মীকে আসামি করে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
এর আগে গত ৭ অগাস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে এক কর্মী গুলিবিদ্ধসহ ১০ কর্মী আহত হয়।
ওই ঘটনায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়। কেন্দ্রীয় কমিটি ওইদিনই বিশ্ববিদ্যালয় শাখা সংগঠনের কার্যক্রম স্থগিত করে।
পুলিশ সংগঠনের সাধারণ সম্পাদক মাজেদুলকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আছেন। অন্যদিকে সভাপতি আউয়াল কবির পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24