ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই ছেলের কেউই তাদের মুক্তির শর্ত মানছেন না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে কিনা-এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "কোকোর সাময়িক মুক্তি (প্যারোল) বাতিল করা হয়েছে আইনসম্মত ভাবেই। কারণ, তাকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল। তাকে তো সেই শর্ত মানতে হবে। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে।"
মঙ্গলবার হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত এক সভা শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কোকো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, "আমরা তো ভেবেছিলাম কোকো সত্যিই অসুস্থ। তিনি বিদেশে চিকিৎসা নিচ্ছেন। খালেদা জিয়ার দুই ছেলেই অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিচ্ছেন। তাদেরকে শর্তসাপেক্ষে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু তারা কেউই কোন শর্ত মানছে না।"
কোকোর আইনজীবী মাহবুব উদ্দিন খোকনের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, "তিনি কোকোকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আবেদন করেছেন। কিন্তু অগাস্ট মাসে দাখিল করা আবেদনের সঙ্গে দেওয়া হয়েছে গত বছরের নভেম্বর মাসের চিকিৎসাপত্র। সেই চিকিৎসাপত্রে তিনি চিকিৎসা নিয়েছেন বলে লেখা রয়েছে।"
দুই ছেলের অসুস্থতা সত্ত্বেও তাদের দেখার জন্য বিএনপি চেয়ারপার্সনের না যাওয়া নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তার দুই ছেলে বিদেশে চিকিৎসা নিচ্ছেন দুই বছর ধরে। অথচ তিনি তাদের দেখতে একবারও বিদেশে গেলেন না। এর কারণ কি? তাহলে ধরে নেবো তার দুই ছেলেই সুস্থ।"
তিনি বলেন, "আরাফাত রহমান কোকো বিদেশে চিকিৎসার কথা বলে কুয়ালালামপুর ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছেন বলে আমরা জেনেছি। তবে তারা দেশে ফিরছেন না কেন? তারা কি মামলা থেকে রক্ষা পেতেই বিদেশে অবস্থান করছেন?"
"তত্ত্বাবধায়ক সরকারের সময় দায়ের হওয়া মামলা থেকে এই দুজনকে রক্ষা করতেই বিরোধী দল মিছিল মিটিং করছে। তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তাই নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৩৬ ঘ.
bdnews24