ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মহিলা সংসদ সদস্যরা।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করে এ আহ্বান জানান।
এ সময় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল দাবি করেন, খালেদা জিয়ার চারটি জন্মদিন রয়েছে। তার বিয়ের কাবিন নামায় জন্মদিন ১৯৪৫ সালের ১ সেপ্টেম্বর, প্রথম পাসপোর্টে ১৯৪৬ সালের ১৯ আগস্ট, এসএসসির রেজিস্ট্রেশনে ১৯৪৪ সালের ৯ আগস্ট এবং ১৯৪৫ সালের ১৫ আগস্ট, যা তিনি ১৯৯১ সাল থেকে পালন করে আসছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এইচএ/১৮০০ঘ.
bdnews24