ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াত-শিবিরের নতুন প্রজন্মের সদস্যদের যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন না করে সরকারকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
রাজধানীর মুক্তাঙ্গনে রোববার ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ-সমাবেশে বলেন, "কোনো দল বা সংগঠন নয়, যারা ৭১-এ মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করতে চাই আমরা।
"জামায়াত-শিবিরের নতুন প্রজন্মকে আমি বলবো, যুদ্ধাপরাধীদের দায়ভার আপনারা নিজেদের কাঁধে নেবেন না। তাদের পক্ষাবলম্বন করবেন না। আসুন আমাদের সহায়তা করুন।"
যত বড় নেতাই হোক না কেনো, বাড়াবাড়ি করলে, আইন নিজের হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম তরান্বিত করার দাবিতে এবং বিএনপি-জামায়াত নেতাদের 'ঔদ্ধত্যপূর্ণ' বক্তব্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বিএনপি নেতা এম কে আনোয়ারকে 'জ্ঞানপাপী' আখ্যায়িত করে বলেন, "ভারতের সঙ্গে রাতের আধারে নয়, দিনের আলোতে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আমরা এশিয়ান কানেকটিভিটির কথা বলেছি। সেখানে ভূটানও আছে, নেপালও আছে।"
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ অতীত কর্মকাণ্ডের জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চেয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানান।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন- মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এইচএ/০১১১ ঘ.
bdnews24