মানিকগঞ্জ, অগাস্ট ০৮ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশির বাধায় মানিকগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পণ্ড হয়ে গেছে।
এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও দলীয় নেতা-কর্মীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে দুপুর ১২টার দিকে বিক্ষোভের প্রস্তুতি নেয় মানিকগঞ্জ জেলা বিএনপি।
দলের কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীরা শহীদ রফিক সড়কে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়। মিছিল করতে না পেরে তারা সৈয়দ মার্কেটের সামনে সমাবেশ করে বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জামিলুর রশিদ খান সাংবাদিকদের বলেন, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করার চেষ্টা করেছেন। কিন্তু পুলিশ মিছিল করতে বাধা দেয়।
তিনি দাবি করেন, এক পর্যায়ে পুলিশ মিছিলের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জনসাধারণের দুর্ভোগ এড়াতেই শহরে মিছিল করতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24