ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত একদিন আগে পল্টন ময়দান থেকে গণমিছিল শুরু করার অনুমতি পেয়েছে বিএনপি। রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এই অনুমতি পাওয়া গেছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি রোববার দুপুরে দলীয় নেতাদের সঙ্গে পল্টন ময়দান পরিদর্শন করেন। পরে তিনি সাংবাদিকদের এই অনুমতি পাওয়ার কথা জানান।
নজরুল ইসলাম খান বলেন, "১০/১৫ দিন আগে আমরা গণমিছিলের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদন জানিয়েছিলাম। আজ সকালে মাঠটি ব্যবহারের জন্য একটি অনুমতিপত্র আমরা পেয়েছি।''
তবে গণমিছিলের প্রচারণায় মাইক ব্যবহারের অনুমতি মহানগর পুলিশ দেয়নি বলে জানান তিনি।
সোমবার বিকাল ৩ টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পল্টন ময়দান থেকে এই গণমিছিল শুরু হবে। নিত্য প্রয়োজনী দ্রব্যের মূল্য কমানো, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, কারাবন্দি নেতাদের মুক্তিসহ ১৩ দফা দাবিতে এই কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি।
পল্টন ময়দানের মাঠ পরিদর্শনকালে নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন দলের সহসভাপতি ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রুহুল আলম চৌধুরী প্রমূখ। নেতৃবৃন্দ মাঠ এলাকা ঘুরে দেখেন।
নজরুল ইসলাম খান অভিযোগ করেন, শেষ মূর্হুতে মাঠ ব্যবহারের অনুমতি দিলেও সরকার গণমিছিলের প্রচার-প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে। পল্টন ময়দানের চার ভাগের তিনভাগই ব্যবহারের অনুপযোগী।
তিনি মাঠটি পরিস্কার করে দেওয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদের প্রতি অনুরোধ জানান।
নজরুল জানান, মাইকিং করার অনুমতি না পেলেও বিএনপি গত দুইদিন ধরে মহানগরীতে লিফলেট বিতরণ করছে। রোববার নগরীর ২৬ টি স্থানে লিফলেট বিতরণে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নিচ্ছেন।
এর আগে সকাল ১১টায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতৃবৃন্দ কাকরাইল, বিজয়নগর, নয়া পল্টন সড়কের দুই পাশের ফুটপাত ও বিভিন্ন মার্কেটে লিফলেট বিতরণ করেন।
পরে সাংবাদিকদের কাছে খন্দকার মোশাররফ বলেন, "গণমিছিলে জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। আমাদের এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ। দ্রব্যমূল্য কমানো, জনদুর্ভোগ লাঘব, আইনশৃঙ্খলার অবনতি রোধসহ ১৩ দফা দাবিতে এই গণমিছিলের কর্মসূচি হচ্ছে।"
সরকার বিরোধী দলের 'শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচিতে' কোনো বাধা দেবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
গণমিছিলে অংশ গ্রহনের জন্য সব শ্রেনীর মানুষের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আইনজীবীদের মধ্যে নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৫০৫ ঘ.
bdnews24