খাগড়াছড়ি, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোনেন্টফোর ডটকম)- খাগড়াছড়ির লক্ষিছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কালিন্দ্র চন্দ্র চাকমাকে (৪০) অপহরণের ২৪ ঘন্টা পর শনিবার মুক্তি দেওয়া হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ফটিকছড়ির জুর্গাছড়ি এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে বলে দাবি করছে তার পরিবারের সদস্যরা।
কালিন্দ্র চাকমার মেয়ে সুমিতা চাকমার বরাত দিয়ে লক্ষিছড়ি থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কালিন্দ্র শুক্রবার বিকালে চিকিৎসার জন্য ফটিকছড়ি যাওয়ার পর তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না।"
তাকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিভ ফ্রন্টের (ইউপিডিএফ) চট্টগ্রামের সদস্যরা অপহরণ করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান এসআই রেজাউল।
এ বিষয়ে ইউপিডিএফের সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমা ও পার্বত্য চট্টগ্রামের যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিথুন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি দুঃখজনক। তবে তারা অপহরণ করেননি। এটা নিছক প্রশাসনিক গুজব মাত্র।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমইউএস/কেএমএস/১৭১৫ ঘ.
bdnews24