ঢাকা, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী
বলেছেন, পাহাড়িদের মধ্যে কোনো রাজাকার নেই। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। কিন্তু যুদ্ধাপরাধীদের রক্ষা করতে স্বাধীনতা বিরোধী চক্র পাহাড়িদের সঙ্গে আমাদের বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।"
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাংলাদেশ 'আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার ও উন্নয়ন' শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এবং স্বাধীনতা বিরোধীদের শক্তি বৃদ্ধি করতে আদীবাসীদের সঙ্গে আমাদের এই বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এজন্য বিদেশ থেকে প্রচুর টাকা আসছে। এ অবস্থায় আমাদের ঐক্যবদ্ধ থেকে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।"
পার্বত্য এলাকায় ভূমি জরিপ প্রসঙ্গে সংসদ উপনেতা বলেন, "পার্বত্য এলাকায় বাঙ্গালিদের ঢুকানো হয়েছে। এখন সেখান থেকে তাদের বের করা যাচ্ছে না। তাই ভূমি জরিপের মাধ্যমে পাহাড়িদের জমি ভাগ করে দিতে হবে। এ বিরোধ মেটাতে আমরা চেষ্টা করে যাচ্ছি।"
তিনি বলেন, "অন্য দেশের নিয়ন্ত্রণ থেকে পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করতে ওই এলাকায় সেনানিবাস রাখতে হবে। এলাকার বিরোধ নিরসনে সবাইকে একযোগে কাজ করতে হবে।"
আদিবাসীদের অধিকার রক্ষায় বিদেশি এনজিওগুলোর তৎপরতার সমালোচনা করে সাজেদা চৌধুরী বলেন, "আমাদের অধিকার আমাদেরই আলোচনার মাধ্যমে নিশ্চিত করতে হবে। আমরাই এ সমস্যার সমাধান করতে পারি।"
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, "আদিবাসীদের অনেকেই আমাকে ও প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে সরকারের দালাল বলছে। আমরা আওয়ামী লীগের কর্মী হিসেবে সরকারের কর্মসূচি বাস্তবায়নে কাজ করছি। এতে দালালি করার কিছু নেই।"
তিনি বলেন, বর্তমান সরকার আদিবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। এ জন্য সরকারকে ধন্যবাদ দিতে হবে। সরকার পঞ্চম সংশোধনী বাতিলের আলোকে সংবিধান সংশোধনের ব্যবস্থা নিয়েছে। সেখানে আদিবাসীদের অধিকার নিশ্চিত করা হবে।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, "আদিবাসীদের ভূমির অধিকার মা ও সন্তানের মধ্যে সম্পর্কের মতো সত্য। তারা কখনো কোনো ভূমির ব্যক্তিগত মালিকানার কথা ভাবেনি। তারা সামাজিক মালিকানার মাধ্যমে ভূমি ভোগ করে আসছে। তাই তাদের এ সমস্যাটি নিয়ে ভূমি কমিশনকে সজাগ থাকতে হবে।"
সুলতানা কামাল বলেন, "যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করার চেষ্টা চলছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সবার অধিকার নিশ্চিত করতে ১৫ কোটি মানুষকে জনশক্তিতে পরিণত করতে হবে।"
বিচারপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের আরো বক্তব্য রাখেন এএলআরডি'র চেয়ারপার্সন খুশী কবির ও আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। এএলআরডি'র নির্বাহী পরিচালক শামসুল হুদা এতে অধ্যাপক আবুল বারাকাতের মূল নিবন্ধ উপস্থাপন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/কেএমএস/১৫০৩ ঘ.
bdnews24