২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টন থেকে গণমিছিল করার অনুমতি মেলেনি: বিএনপি

পল্টন ময়দান থেকে সোমবার গণমিছিল করার এবং মাইকিং করে প্রচারণা চালানোর অনুমতি এখনো মেলেনি বলে জানিয়েছে বিএনপি।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 08:53 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পল্টন ময়দান থেকে সোমবার গণমিছিল করার এবং মাইকিং করে প্রচারণা চালানোর অনুমতি এখনো মেলেনি বলে জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে রাজধানীতে লিফলেট বিতরণ করার সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, "পল্টন ময়দান থেকে সোমবার দেশনেত্রী খালেদা জিয়া গণমিছিল শুরু করবেন। সেখানে সমবেত হওয়ার অনুমতি এখন পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। প্রচারণার জন্য মাইকিং করার অনুমতি চেয়েও এখনো পাইনি। তাই হেঁটে হেঁেট আমাদের এই প্রচারণা চালাতে হচ্ছে।" একটি নির্বাচিত সরকার আমলে গণতান্ত্রিক কর্মসূচিতে এরকম প্রতিবন্ধকতা সৃষ্টি করাকে দেশের মানুষ অপছন্দ করছে বলেও দাবি করেন তিনি। নজরুল বলেন, "গণমিছিলে পল্টন ময়দান প্রয়োজন হয় না। কিন্তু নেত্রী সেখান থেকে কর্মসূচি শুরু করবেন। সেখানে নানা শ্রেণী-পেশার মানুষের সমাবেশ ঘটবে, সেজন্য আমরা অনুমতি চেয়েছি। অথচ এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। পুলিশ প্রশাসনের কাছ থেকে মাইকিং করার অনুমতিও পাইনি। ৯ আগস্ট বিকাল ৩ টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পল্টন ময়দান থেকে এই গণমিছিল শুরু হওয়ার কর্মসূচি রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তি, বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা ও হয়রানিমূলক মামলা' প্রত্যাহারসহ ১৩ দফা দাবিতে এই গণমিছিলের কর্মসূচি দিয়েছে বিএনপি। নজরুল ইসলাম খান বলেন, "আমরা সরকারের কাছে এই কর্মসূচির মাধ্যমে ওইসব সমস্যার দ্রুত সমাধানের আহ্বান জানাব।" শনিবার জাতীয় প্রেস ক্লাব এবং তোপখানা সড়কের দুই পাশে পথচারীসহ যাত্রীবাহী বাস, সিএনজি ও রিক্সা আরোহী, দোকানদার, পথচারিদের কাছে ১৩ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন নজরুল ইসলাম খান ও দলের অন্য নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সব শ্রেণী পেশার মানুষকে গণমিছিলে অংশগ্রহণ করার আহ্বান জানান নজরুল। তিনি বলেন, "আমাদের গণমিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ। এর আগেও মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে। ২৫ জুলাই পল্টন ময়দানে গণঅনশন কর্মসূচি করতে দেয়নি সরকার। এবারও বাধা দেওয়া হলে জনগণ তা ভালো ভাবে দেখবে না।" এদিকে বিকালে বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গণমিছিলের জন্য দলের পক্ষ থেকে শনি ও রোববার দুই দিন রাজধানীতে মাইকিং এর অনুমতির জন্য পুলিশ কমিশনার বরাবর আবেদন করা হয়েছিলো। শনিবার বিকালে মহানগর পুলিশ কমিশনার থেকে জানানো হয়েছে যে, কোনো মাইকিং করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/কেএমএস/১৭২০ ঘ.