২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে নির্দিষ্ট অপরাধকারীদেরও বিচার হবে: সুরঞ্জিত

সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দালাল আইনের পুনরুজ্জীবনের ফলে মুক্তিযুদ্ধে নির্দিষ্ট অপরাধকারীদেরও বিচার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2010, 08:27 AM

Updated : 26 Apr 2022, 01:18 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চম সংশোধনী বিষয়ে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন বিষয়ক কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দালাল আইনের পুনরুজ্জীবনের ফলে মুক্তিযুদ্ধে নির্দিষ্ট অপরাধকারীদেরও বিচার করা হবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় আইন ও বিচার বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। বঙ্গবন্ধুর পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "মুক্তিযুদ্ধের সময় যারা নির্দিষ্ট অপরাধ করেছে বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেননি। এবার পঞ্চম সংশোধনী বিষয়ে উচ্চ আদালতের রায়ের ফলে দালাল আইন আবার পুনরুজ্জীবিত হয়েছে। এর ফলে মুক্তিযুদ্ধের সময় যারা নির্দিষ্ট অপরাধ করেছেন তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।" তিনি আরো বলেন, "বাংলাদেশের রাজনীতিতে যে নবজাগরণের সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সরকার সকল কিছু কার্যকর করার পদক্ষেপ নিয়েছে। এতে প্রমাণিত হচ্ছে বিকৃত ইতিহাসের বিরুদ্ধে প্রকৃত ইতিহাসের যে যুদ্ধ শুরু হয়েছিলো তাতে প্রকৃতরাই জয়ী হয়েছে।" উল্লেখ্য, দালাল আইন ১৯৭৮ সালে জিয়াউর রহমানের আমলে বাতিল করা হয়। এর ফলে মুক্তিযুদ্ধের সময়ে অপরাধীরা বিচারের হাত থেকে বেঁচে যায়। এবার এ রায়ের ফলে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমীর উপদেষ্টা সম্পাদক এম এ করিম। বক্তব্য রাখেন আওয়ামী ওলামা লীগের যুগ্ম সম্পাদক মহিউল আলম, সৈয়দা রাজিয়া সুলতানা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৪২৩ ঘ.