২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব নিয়ে রাজনীতি না করতে বললেন প্রধানমন্ত্রী

খেলাধূলাকে রাজনীতির বাইরে রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্লাবগুলো যেন রাজনীতিকরণের শিকার না হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2010, 04:26 PM

Updated : 25 Aug 2022, 05:36 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খেলাধূলাকে রাজনীতির বাইরে রাখার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্লাবগুলো যেন রাজনীতিকরণের শিকার না হয়। আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর ছোটভাই শেখ কামালের ৬১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বিকালে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহবান জানান। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাবা-মায়ের সঙ্গে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল। ১৯৪৯ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। ভাইয়ের স্মৃতিচারণ করে হাসিনা বলেন, "আমার বাবা এদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছিলেন। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তার সন্তান হিসাবে চাইলে আমরা অনেক অর্থ-সম্পদের মালিক হতে পারতাম। কিন্তু, আমরা একটা আদর্শ নিয়ে বড় হয়েছি।" তাদের পরিবারের বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, এখনো অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, "যে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবা-মা, ভাইদের হত্যা করার যে ক্ষেত্র তৈরি করা হয়েছিলো ৭৫ এর ১৫ আগস্টের পর তারা কী তা প্রমাণ করতে পেরেছিল?" সরকার ক্রীড়া খাতের উন্নয়নে ১৬টি প্রকল্প হাতে নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে জানিয়ে তিনি বলেন, ক্রীড়াবিদরা অবসরে গেলে যেন আর্থিক সংকটে আর না পড়ে- সেজন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতিদ্রুত শেখ কামাল স্মৃতি ক্রীড়া কমপ্লেক্্েরর কাজ শুরু করা হবে জানিয়ে তিনি বলেন, "এবার আর দেরি হবে না। দ্রুতই এই কাজ আমরা করতে পারবো।" ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য শেখ হাসিনা প্রতিকূল সময়েও প্রিয় দলের পাশে থাকায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কামালের জন্মদিন উপলক্ষে সমর্থক গোষ্ঠী ক্লাব চত্বরে আলোচনা সভা, শেখ কামাল স্বর্ণ পদক বিতরণ, পেশাদার ফুটবল লীগে হ্যাট্রিক চ্যাম্পিয়ান এবং হকি লীগে চ্যাম্পিয়ন হওয়ায় আবাহনী ফুটবল ও হকি দলের সংবর্ধনার আয়োজন করে। এরআগে, শেখ কামাল স্মৃতি ক্রীড়া কমপ্লেক্্র প্রসঙ্গে আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, "কমপ্লেক্্েরর কাজ অনেকদূর এগিয়েছে। জমির সমস্যার সমাধান হয়েছে। নতুন ডিজাইন করা হবে। আমি আশা করছি, ডিসেম্বরেই এই ডিজাইন আমরা সবার সামনে তুলে ধরতে পারবো।" আবাহনী সমর্থক গোষ্ঠীর সভাপতি মীর নিজাম উদ্দিন আহ্মেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আবাহনী লিমিটেডের ডাইরেক্টর-ইন-চার্জ কাজী শাহেদ আহমেদ, আবাহনী লিমিটেডের পরিচালক হারুনুর রশীদ, আবাহনী লিমিটেডের পরিচালক ও ক্রিকেট চেয়ারম্যান এ এইচ এম মোস্তফা কামাল, আবাহনী সমর্থক গোষ্ঠীর উপদেষ্টা কাজী আব্দুল হাকিম এবং আবাহনী সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক এনাম-ই-খোদা জুলু। এর আগে, প্রধানমন্ত্রী আবাহনী ফুটবল এবং হকি দলের প্রত্যেক খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে ক্রিস্টাল ট্রফি তুলে দেন। শেখ কামাল স্বর্ণ পদক পান হকিতে পুশকার খিশা মিমু, ক্রিকেটে তামিম ইকবাল, ফুটবলে প্রাণতোষ কুমার দাস, সংগঠক কাজী নাবিল আহমেদ, পৃষ্ঠপোষক মো. মুসা মিয়া এবং আবাহনী ক্রীড়া চক্রের সাবেক সভাপতি এ এস এফ রহমান। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল সাড়ে ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ৯ টায় বনানী গোরস্থানে কবরে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ। মহিলা আওয়ামী লীগ সকাল সাড়ে ৯টায় বনানী গোরস্থানে শেখ কামাল স্মরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলসহ অনুরূপ কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/২২১৫ ঘ.